“বিহারের গঙ্গা উৎখাত করবে বাংলার জঙ্গলরাজ”-হুঙ্কার ছুড়লেন প্রধানমন্ত্রী মোদী

বিহার বিধানসভা নির্বাচনে NDA-র বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফেরা নিশ্চিত হতেই গেরুয়া শিবিরে উৎসবের মেজাজ। রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার অবিলম্বে ঘোষণা করে দিয়েছিলেন, “এবার পালা বাংলার।” শুক্রবার সন্ধ্যায় সেই ঘোষণারই অনুরণন শোনা গেল নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বঙ্গজয়ের ডাক দিলেন।

বিহার জয়ের ভাষণের একেবারে শেষে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের কর্মীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে বিহার। গঙ্গাজি বিহার দিয়ে বয়ে পৌঁছয় বাংলায়। বাংলায় বিজেপির জয়ের রাস্তা করে দিয়েছে বিহার।”

তিনি পশ্চিমবঙ্গের ভাইবোনেদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের পাশে থেকে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ উপড়ে ফেলবে বিজেপি।” মোদীর এই ঘোষণার পর থেকেই বঙ্গ বিজেপির নেতা ও কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ বেড়েছে।

অঙ্গ, কলিঙ্গ শেষ, বাকি বঙ্গ:

রাজনৈতিক মহলে প্রচলিত আছে, বিজেপি এখন ‘অঙ্গ’ (বিহার) এবং ‘কলিঙ্গ’ (ওডিশা) প্রদেশের ক্ষমতা দখল করেছে। বাকি শুধু ‘বঙ্গ’ (পশ্চিমবঙ্গ)। ২০২১ সালে বাংলায় জয় অধরা থাকার পর এবার ২০২৬-কে পাখির চোখ করেছে বিজেপি।

পাল্টা চ্যালেঞ্জ TMC-র:

তবে তৃণমূল কংগ্রেস এই ঘোষণাকে উড়িয়ে দিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি জানিয়ে দেন, “বাংলা ও বিহারের ইস্যু একেবারে আলাদা।” অন্যদিকে, তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে লেখেন:

“আমরা মাটি সইবে না। ইউপি, বিহার হইবে না। বাংলা আমার বাংলা রবে। বন্ধু আবার খেলা হবে।”

বিহারের সাফল্যের পর প্রধানমন্ত্রী স্বয়ং বাংলায় ক্ষমতায় আসার ঘোষণা করায় এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ বহুগুণ বেড়ে গেল।