বেঙ্গালুরু এফসি-তে বড় ধাক্কা, ‘অনিশ্চিত রোড ম্যাপ’-এর কারণ দেখিয়ে ক্লাব ছাড়লেন প্রধান কোচ জেরার্ড জারাগোজা!

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) জয়ী দল বেঙ্গালুরু এফসি (BFC)-তে বড় ধাক্কা। ক্লাবের প্রধান কোচ জেরার্ড জারাগোজা পারস্পরিক চুক্তির মাধ্যমে মাঝপথেই ক্লাব ছাড়লেন। এটি শুধুমাত্র খারাপ পারফরম্যান্সের কারণে নয়, বরং ভারতীয় ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতি এবং ‘আগামী দিনের অনিশ্চিত রোড ম্যাপ’-এর দিকে নজর রেখেই তিনি ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। ম্যানেজমেন্ট তাঁর এই ইচ্ছাকে সম্মান জানিয়েছে।
২০২৩ সাল থেকে বেঙ্গালুরু এফসি-র দায়িত্বে ছিলেন এই স্প্যানিশ কোচ। প্রথম মরসুমে দলকে গুছিয়ে তুলতে না পারলেও, দ্বিতীয় মরসুমে তিনি সাইমন গ্ৰেসনের পর আইএসএল চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। গতবারের টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে সুপার সিক্সে উঠে আসা বেঙ্গালুরু, ফাইনালে হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হয়েছিল।
সুপার কাপে হতাশা ও ক্লাব ছাড়ার কারণ
সেই হতাশা কাটিয়ে এই সিজনে দলকে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর ছিলেন জারাগোজা। সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপকে পাখির চোখ করলেও, ভালো খেলেও পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় বেঙ্গালুরুকে। এই ব্যর্থতা সমর্থকদের যথেষ্ট হতাশ করেছিল।
কিন্তু এই পরাজয় সত্ত্বেও, জারাগোজার ক্লাব ছাড়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারতীয় ফুটবল ব্যবস্থার অস্পষ্টতা। কোচিং স্টাফেরা কিছু সময় আগেই চুক্তি ছিন্ন করেছিলেন, এবার সেই পথেই হাঁটলেন হেডকোচ।
বেঙ্গালুরু এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করেছে। জারাগোজার ছবি আপলোড করে ক্লাব জানিয়েছে:
“বেঙ্গালুরু এফসি পারস্পরিক চুক্তির মাধ্যমে প্রধান কোচ জেরার্ড জারাগোজার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সহকারী কোচ সেবাস্তিয়ান ভেগা এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ইওনিস গকিওকাসও ক্লাব ছেড়েছেন। ক্লাবটি জেরার্ড এবং তার কর্মীদের বেঙ্গালুরু এফসিতে তাঁদের সময় কাটানোর জন্য ধন্যবাদ জানাতে চায় এবং আমরা তাঁকে একটি নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা জানাই।”
মনে করা হচ্ছে, জারাগোজা এবার গ্রীসের একটি ফুটবল ক্লাবে যোগদান করতে পারেন।