বিহার জয়ের পর মোদির ঐতিহাসিক বার্তা, ‘গঙ্গা বিহার থেকে বাংলায় বয়ে যাচ্ছে, বিজেপি জঙ্গলরাজ উৎখাত করবে!’

বিহার বিধানসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-এর বিপুল জয়লাভের পর এবার সরাসরি পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের ফল প্রকাশের পরেই দেওয়া প্রধানমন্ত্রীর এই মন্তব্য আগামী বছরগুলিতে বাংলার রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজকের কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম ও পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের উৎসাহিত করে তুলেছে। গঙ্গা বিহার থেকে বাংলায় বয়ে যাচ্ছে। বিজেপি বাংলা থেকেও জঙ্গলরাজ উৎখাত করবে। এই জয় বাংলায় বিজেপির জয়ের পথ প্রশস্ত করে দিয়েছে।”

আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি অসমের ক্ষমতায় থাকলেও, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ ও কেরলে সরকার গঠন করতে পারেনি। এই কারণেই গেরুয়া শিবির আগামী বছরের এই দুটি বিধানসভা নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

বিশেষত, বিহারে এনডিএ-এর জয় সরাসরি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য হওয়ায়, বাংলার বিজেপি কর্মীদের মধ্যে এই জয় এক নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা স্পষ্ট করে দিয়েছে যে, বিহারের এই কৌশলগত জয়কে কাজে লাগিয়ে বিজেপি এবার পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদী ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপাতে চলেছে।