নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের ঐতিহাসিক সিদ্ধান্ত, রেলকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্রিজের ধার ঘেঁষে তৈরি হচ্ছে ‘ধাতব হাঁটা পথ’!

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) আওতাধীন অধিকাংশ রেললাইনই উত্তর-পূর্ব ভারতের দুর্গম পাহাড়, নদী ও জঙ্গলের ওপর দিয়ে প্রসারিত। এই রুটের বহু রেলব্রিজই হয় দুটি পাহাড়কে সংযুক্ত করেছে, নয়তো খরস্রোতা নদীর ওপর দিয়ে গেছে। এমন বিপজ্জনক স্থানে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেল কর্মীদের নিয়মিত সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা, মেরামত এবং প্রয়োজনে ট্রেন মেরামতির জন্য ব্রিজের মাঝে রেলপথ ধরে যেতে হয়, যা কর্মীদের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে। ট্রেন এসে পড়লে বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।
এই সমস্যা সমাধানে এক ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। রেলকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রতিটি রেল ব্রিজের ধার ঘেঁষে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ধাতব হাঁটার পথ (Walkway) তৈরি করছে।
এই হাঁটা পথের মূল লক্ষ্য হলো, ট্রেন চলাচলের ঝুঁকি ছাড়াই কর্মীরা যেন সেতুর যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে যেতে পারেন এবং দীর্ঘ সময় ধরে সুরক্ষিতভাবে কাজ করতে পারেন। এতে ট্রেন এসে পড়ার ভয় আর থাকবে না।
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের আওতাভুক্ত এলাকায় রয়েছে উত্তরপূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উত্তর অংশের ৭টি জেলা এবং বিহারের ৫টি জেলার বিস্তৃত রেলপথ। এই জোনে মোট ৯৪৩টি রেল ব্রিজ রয়েছে। রেলওয়ে জানিয়েছে, এই ৯৪৩টি ব্রিজের মধ্যে ইতিমধ্যেই ৩৮২টি ব্রিজে এই হাঁটার পথ তৈরির কাজ শেষ হয়েছে। বাকি ৫৬১টি ব্রিজেও দ্রুত গতিতে এই পথ তৈরির কাজ চলছে। এই উদ্যোগ রেল কর্মীদের কাজের পরিবেশকে অনেক বেশি সুরক্ষিত ও সহজ করে তুলবে।