বিহারের রেকর্ড জয় দেখে উজ্জীবিত বঙ্গ বিজেপি, ‘এবার পশ্চিমবঙ্গের পালা, ছাব্বিশে তৃণমূলের বিসর্জন’!

বিহার বিধানসভা নির্বাচনে এবার ভারতীয় জনতা পার্টির (BJP) আসন সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই বিপুল জয়ে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা নতুন করে অক্সিজেন পেয়েছেন। বিহার এবং ওড়িশার জয়ের পর এখন পদ্ম শিবিরের পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ।

২০১০ সালের বিধানসভা ভোটে বিহারে বিজেপির ঝুলিতে এসেছিল ৯১টি আসন। এরপর ২০১৫ সালে আসন সংখ্যা কমে দাঁড়ায় ৫৩টিতে। কিন্তু ২০২০ সালে বিজেপি পায় ৭৪টি আসন। আর সদ্য সমাপ্ত ২০২৫ সালের নির্বাচনে সেই আসন সংখ্যা যেন সব রেকর্ড ভেঙে দিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহারে বিজেপি একাই প্রায় ৮৯টি আসন নিশ্চিত করেছে (সূত্র: ইসিআই, ১৪ নভেম্বর, ২০২৫ এর তথ্য অনুযায়ী)। এনডিএ জোট পেয়েছে ২০০-এরও বেশি আসন।

বিহারে এই ঐতিহাসিক জয়ের পর থেকেই বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। আবির মেখে জয়োল্লাসে ফেটে পড়েছেন তাঁরা। এক বিজেপি সমর্থক তো বলেই ফেললেন, “এবার পশ্চিমবঙ্গের পালা, তৃণমূল এবার সামলা!”

তিনি আরও যোগ করেন, “এখানে ১৪ বছরে এত দুর্নীতি হয়েছে, তার জবাব ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ এই তৃণমূল সরকারকে দিতে প্রস্তুত রয়েছে। তাই আমাদের নেতারা বলছেন, ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভাষণেও এই জয়ের ঢেউ বাংলার দিকে মোড় নিয়েছে। তিনি বলেছেন, ‘গঙ্গা বিহার থেকে বাংলায় প্রবাহিত হয়। বাংলায় জঙ্গলরাজ উপড়ে ফেলার সময় এসেছে।’ এই মন্তব্যের পরই বঙ্গ বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।