ভোটার তালিকা প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাইয়ে ফের রাজ্যে আসছে কমিশনের বিশেষ টিম, এবার দক্ষিণবঙ্গে নজর?

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ফের আসছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। এর মধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে যে রাজ্যের প্রায় ৯৫ শতাংশ ভোটার ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষের বেশি ভোটারের মধ্যে ৭ কোটি ২৭ লক্ষেরও বেশি ভোটারের হাতে পৌঁছে গেছে প্রয়োজনীয় ফর্ম। মোট সংখ্যার হিসেবে যা প্রায় ৯৪.৯১ শতাংশ। এখনও প্রায় ৩৯ লক্ষ ভোটারের কাছে ফর্ম পৌঁছনো বাকি রয়েছে, তবে কমিশন জানিয়েছে যে শুক্রবারও ফর্ম বিলি চলবে এবং প্রতিটি ভোটারের কাছেই ফর্ম পৌঁছবে।

কেন সময়সীমা বাড়ানো হয়েছিল?
এই এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া চলছে ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর-এর অংশ হিসেবে। প্রথমে ফর্ম বিলির সময়সীমা ১১ নভেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমার শেষে দেখা যায়, এখনও ১ কোটির বেশি ভোটার ফর্ম পাননি। ১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মাত্র ৬ কোটি ৫৬ লক্ষের বেশি ফর্ম বিতরণের তথ্য ছিল। ফলে সময়সীমা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলির সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়তি সময় হাতে পেয়ে বিএলও-রা দ্রুত গতিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কাজ শুরু করেন।

কমিশনের স্পষ্ট বক্তব্য, রাজ্যের একজন ভোটারও যেন এই প্রক্রিয়া থেকে বাদ না যান, সেটাই তাদের একমাত্র লক্ষ্য।

ফের আসছে কমিশনের বিশেষ টিম
এনুমারেশন ফর্ম বিলির মাঝেই ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এর আগে ফর্ম বিতরণ শুরু হওয়ার পরপরই কমিশনের একটি প্রতিনিধিদল উত্তরবঙ্গের কয়েকটি জেলা ঘুরে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি ও ত্রুটি-বিচ্যুতি খতিয়ে দেখেছিল।

এবার সেই টিম আগামী সপ্তাহেই আবার রাজ্যে আসছেন। যদিও এবার কোন কোন জেলা বা কোন কোন এলাকা পরিদর্শন করা হবে, তা সরকারিভাবে জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলটি এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন সংবেদনশীল এলাকা অথবা যেখানে ফর্ম বিলি প্রক্রিয়া তুলনামূলক ধীর, সেসব জায়গায় নজরদারি করতে পারে।