পটনার মসনদে ফিরছেন ‘নীতীশ’! ৫০০ কিলো লাড্ডু, ৫ লাখ রসগোল্লা! ফল ঘোষণার আগেই বিহারে ‘বিজয় উৎসব’ বিজেপির!

আজ বিহারের বিগ ডে! সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা এবং প্রাথমিক প্রবণতা অনুযায়ী এনডিএ জোট জয়ের পথে। প্রায় এগারোটি বুথ ফেরত সমীক্ষার আভাস মেনেই পটনার মসনদে ফের নীতীশ কুমারই ফিরছেন, এমন আত্মবিশ্বাসে এখন টইটম্বুর এনডিএ শিবির। জয়ের এই জোয়ারে ভাসতে শুরু করেছে বিজেপি, শুরু হয়েছে বিরাট বিজয় উৎসবের আয়োজন।

বিজেপি অফিসে ৫০০ কেজি লাড্ডু: জানা গিয়েছে, বিহার রাজ্য বিজেপির কমিটির সদস্য কৃষ্ণা সিং কাল্লু ইতিমধ্যেই ৫০০ কিলোগ্রাম লাড্ডুর অর্ডার দিয়ে দিয়েছেন। এই বিপুল পরিমাণ লাড্ডু তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি আঁকা বিরাট পাত্রে। শুধু তাই নয়, কুনজর এড়াতে কর্মীরা কার্যালয়ে লেবু-লঙ্কাও ঝুলিয়ে দিয়েছেন। মজার বিষয় হল, ডায়াবেটিক কর্মী-সমর্থকদের কথা মাথায় রেখে লাড্ডুতে কম মিষ্টি ব্যবহার করা হয়েছে। বিহার রাজ্য বিজেপির অফিসে গরম গরম জিলিপি আর ছাতুর পরোটা তৈরির কাজও জোরকদমে শুরু হয়ে গিয়েছে।

বিজেপি নেতা কৃষ্ণা সিং কাল্লু জানান, “বিহারের মানুষ এবং দলের কর্মীদের নিরলস পরিশ্রমের ফসল হচ্ছে বুথফেরত সমীক্ষার এই ফলাফল। এবার আবারও বিহারে সরকার গড়বে এনডিএ।”

কারাবন্দি নেতার পরিবারের বড় ঘোষণা: এদিকে, উৎসবের অন্য মাত্রা যোগ করেছে মোকামা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জেডি(ইউ) নেতা অনন্ত সিংয়ের পরিবার। দুলারচাঁদ খুনের মামলায় বর্তমানে জেলে বন্দি থাকলেও প্রাথমিক ট্রেন্ডে তিনি এগিয়ে রয়েছেন। তার জয়ের পূর্বাভাসে স্ত্রী নীলমের বাড়িতে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর বিশেষ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে পাঁচ লাখ রসগোল্লা এবং গুলাব জামুন তৈরির অর্ডার দেওয়া হয়েছে। অনন্ত সিংয়ের বাড়িতেও বিরাট আয়োজন সামলাতে ব্যস্ত কর্মী-সমর্থকেরা।

কয়েকটি কেন্দ্রে জোর টক্করের ভবিষ্যৎবাণী থাকলেও, জয় নিশ্চিত ধরে নিয়ে এনডিএ শিবিরে জোর কদমে চলছে উৎসবের প্রস্তুতি। কর্মীদের জন্য নিমন্ত্রণপত্রে লেখা হয়েছে, “আমরা আপনাদের স্বাগত জানানোর জন্য অধীর অপেক্ষা করছি।”