দিল্লি বিস্ফোরণের মূলচক্রী ডা. উমরের ‘হাইড্রোজেন বোমা’ বাড়ি উড়িয়ে দিল সেনা! মেধাবী চিকিৎসক কেন হল ভয়ঙ্কর জঙ্গি?

দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের অন্যতম মূলচক্রী ডা. উমর নবির বাড়িতে বড় ধরনের অভিযান চালাল নিরাপত্তা বাহিনী। পিটিআই সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কোলি গ্রামে উমরের গ্রামের বাড়িটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, বাড়িটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পরপরই এই অ্যাকশন শুরু হয়। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।

গত ১০ নভেম্বর লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরক বোঝাই Hyundai i20 গাড়িতে বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মেট্রো স্টেশনের কাচ ভেঙে গিয়েছিল এবং আশপাশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সিসিটিভি ফুটেজে উমর নবিকে বিস্ফোরক বোঝাই ওই গাড়ির স্টিয়ারিংয়ের পিছনে দেখা গিয়েছিল।

মেধাবী চিকিৎসক থেকে জঙ্গি: তদন্তকারীরা গত বৃহস্পতিবার জানিয়েছিলেন যে, i20 গাড়ি থেকে উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএ-র সঙ্গে উমরের মায়ের দেওয়া ডিএনএ নমুনার ১০০ শতাংশ মিল পাওয়া গিয়েছে। এরপরই তার পরিচয় নিশ্চিত হয়। পুলওয়ামার কোলি গ্রামের বাসিন্দা উমর নবি পেশায় চিকিৎসক হিসেবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল। ব্যক্তিগত জীবনে সে মেধাবী, ভদ্র, শান্ত ও অন্তর্মুখী হিসেবেই পরিচিত ছিল। তবে, গত দুই বছরে সে উগ্রপন্থার সঙ্গে জড়িয়ে পড়ে বলে তদন্তে জানা গিয়েছে। ঘটনার দিন সকালেই বিস্ফোরণের আগে তার বাকি শাগরেদদের ওই বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছিল এবং উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক।

বিস্ফোরণের আগের চিত্র: তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের আগে উমরকে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে দিল্লির প্রায় ১২টি জায়গায় ঘুরতে দেখা গিয়েছিল। একটি ফুটেজে দেখা যায়, সে রেড ফোর্টের কাছে সুনেহরি মসজিদের পার্কিং লটে প্রায় তিন ঘণ্টা গাড়িতে অপেক্ষা করেছিল। বিস্ফোরণ ঘটানোর ২৪ মিনিট আগে সেখান থেকে সে বেরিয়ে যায়। চিকিৎসকদের এই ‘হোয়াইট কলার’ টেরর মডিউলের মূল সদস্য ছিল উমর নবি।