ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিয়ো ভাইরাল! পাপারাৎজিদের বিরুদ্ধে গর্জে উঠল বলিউড, গ্রেফতারের পরই জঘন্য অপরাধের মামলা!

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতা নিয়ে গোপনীয়তা ভঙ্গ এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনায় উত্তাল বলিউড। হাসপাতালে শয্যাশায়ী ধর্মেন্দ্র ও তাঁর পরিবারের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো লুকিয়ে তুলে তা নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন (Indian Film and Television Directors’ Association – IFTDA) জুহু পুলিশ স্টেশনে কঠোর আইনি অভিযোগ দায়ের করেছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত এদিন জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করার সময় পাপারাৎজি ও অনলাইন মিডিয়া হ্যান্ডলারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাঁর অভিযোগ, বেশ কিছু মিডিয়া ও পাপারাৎজি সমস্ত সীমানা লঙ্ঘন করে পদ্মভূষণ সম্মানে সম্মানিত ধর্মেন্দ্রজিকে নিয়ে কভারেজ করার সময় নূন্যতম নীতিবাক্যও মানেননি।

লিখিত বিবৃতিতে IFTDA জানিয়েছে, “আমাদের নজরে এসেছে নির্দিষ্ট কিছু পাপারাৎজি ধর্মেন্দ্রজির বাড়িতে প্রবেশ করে পরিবারের অনুমতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন। এরপর সেই দৃশ্যগুলি লাভজনক উদ্দেশ্যে এবং সংবেদনশীলতা বাড়ানোর জন্য নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।”

আইএফটিডিএ-র সভাপতি আরও দাবি করেন, এই ধরনের কাজ অমানবিক, অবৈধ এবং ভারতীয় ন্যায় সংহিতার ২১ নম্বর ধারায় ‘প্রাইভেসি রাইট’ বা গোপনীয়তার অধিকারকে ভঙ্গ করেছে। একে “জঘন্যতম অপরাধ” হিসেবে উল্লেখ করে অশোক পণ্ডিত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর আর্জি, দোষীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি, অসুস্থ ধর্মেন্দ্র ও তাঁর পরিবারের ব্যক্তিগত পরিসর সুরক্ষার স্বার্থে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধও জানানো হয়েছে।