দিল্লিতে ফের বিস্ফোরণ আতঙ্ক! রাডিসন হোটেলের কাছে বিকট শব্দে আতঙ্ক, কী জানাল দিল্লি পুলিশ?

রাজধানী দিল্লিতে ফের বিস্ফোরণের খবরে সামান্য চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে দিল্লির মহিপালপুর এলাকার র‍্যাডিসন হোটেলের কাছে একটি বিকট শব্দ শোনা যাওয়ার পর আতঙ্ক সৃষ্টি হয়। সকাল ৯টা ১৮ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ এবং দমকলের ৩টি ইঞ্জিন।

তবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করার পর বিস্ফোরণের তত্ত্ব খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। তদন্তে সন্দেহজনক কিছু আপাতত খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

পুলিশ সূত্রে খবর, ৯:১৮ মিনিটে যে ফোনটি আসে, সেটি কোথা থেকে করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। যে ব্যক্তি ফোন করেছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে গুরুগ্রামের দিকে যাওয়ার সময় তিনি একটি বিকট শব্দ শুনেছিলেন।

পুলিশি তদন্ত চলাকালীন, ঘটনাস্থলের এক নিরাপত্তা রক্ষী জানান যে ধৌলা কুঁয়ার দিকে যাচ্ছিল একটি ডিটিসি (DTC) বাসের পিছনের চাকা ফেটে যাওয়ার কারণেই বিকট শব্দটি শোনা যায়।

দিল্লি পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মহিপালপুরে হোটেল র‍্যাডিসনের কাছে বিস্ফোরণের খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান… পরিস্থিতি স্বাভাবিক এবং চিন্তার কিছু নেই। গাড়ির টায়ার ফেটেই এই বিস্ফোরণ।” পুলিশ এই ঘটনাটিকে ভুয়ো কল বা গুজবের ফল বলেও মনে করছে।