ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ডাক্তাররা! ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তারকা, তবে কি বাড়িতেই চলবে চিকিৎসা?

মঙ্গলবার বলিউডজুড়ে ছড়িয়ে পড়া অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুজবকে মিথ্যে প্রমাণ করে বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান এই তারকা। প্রায় ১০ দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, আগামী কয়েকদিন বাড়িতেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
হাসপাতালে কেন ভর্তি ছিলেন ধর্মেন্দ্র?
৮৯ বছর বয়সী এই অভিনেতা গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়।
ধর্মেন্দ্রর চিকিৎসক ড. প্রফেসর প্রতীত সামদানি জানিয়েছেন, “ধর্মেন্দ্রজি এখন অনেকটাই স্থিতিশীল। পরিবার চাইছে তিনি যেন বাড়িতেই বিশ্রাম নিয়ে চিকিৎসা চালিয়ে যান। তাই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।”
পরিবারের বিশেষ অনুরোধ
অভিনেতার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে:
“ধর্মেন্দ্রজি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। আমরা বিনীত অনুরোধ করছি, তাঁর এবং পরিবারের গোপনীয়তা যেন সবাই সম্মান করেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবাই যে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
ধর্মেন্দ্রর এই হাসপাতাল থেকে ফেরা তাঁর অগণিত ভক্তদের মধ্যে স্বস্তি এনেছে। আপাতত বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা করা হচ্ছে।