পাকিস্তানে ক্রিকেটারদের উপর হামলা! শ্রীলঙ্কা সিরিজের আগে নাসিম শাহের বাড়িতে গুলি, কী বলছেন পাক কর্তৃপক্ষ?

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর ঠিক আগে পাকিস্তান শিবিরে নেমে আসে এক খারাপ খবর। তারকা পেসার নাসিম শাহের খাইবার পাখতুনখুয়া প্রদেশের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার রাওয়ালপিন্ডি ওয়ানডের আগে লোয়ার দির জেলার ভিটেবাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে আততায়ীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
উদ্বেগে ছিলেন নাসিম
হামলার ঘটনার সময় নাসিম শাহ তাঁর প্রিয়জনদের নিয়ে ইসলামাবাদে ছিলেন। তবে তাঁর নিকট আত্মীয়দের অনেকেই ওই বাড়িতে বসবাস করেন। ফলত, হামলার খবর পেয়ে স্বাভাবিকভাবেই পাক পেসার উদ্বিগ্ন হয়ে পড়েন বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বস্ত হওয়ার পর নাসিম শাহ দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এবং মাঠে নামেন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আততায়ীরা ক্রিকেটারের বাড়ির সদর দরজা লক্ষ্য করে গুলি চালায়। একটি বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আক্রমণ সত্ত্বেও জয় আনলেন নাসিম
ভিটেবাড়িতে হামলার মতো চরম উদ্বেগের মধ্যেও কেবল মাঠে নামাই নয়, নাসিম শাহ তাঁর বোলিংয়ে পাকিস্তানকে জয় এনে দেন। তিনি জোড়া উইকেট তুলে নেন। বালোচিস্তান লাগোয়া খাইবার পাখতুনখুয়া প্রদেশটিতে পাক সেনা ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ের ঘটনা প্রায়শই ঘটে। এই হামলার ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ম্যাচের ফলাফল:
রাওয়ালপিন্ডিতে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। টি-টোয়েন্টি অধিনায়ক সলমন আলি আঘার দুরন্ত ৮৭ বলে অপরাজিত ১০৫ রান করেন। এছাড়া হুসেন তালাত (৬২ রান) অর্ধশতরান করেন। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান তোলে।
জবাবে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রানে থেমে যায়। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। শেষ ওভারে শ্রীলঙ্কার ২১ রান দরকার থাকলেও তারা ১৪ রানের বেশি তুলতে পারেনি। নাসিম শাহ জোড়া উইকেট নিলেও, পাক বোলারদের মধ্যে সর্বাধিক চার উইকেট নেন হ্যারিস রউফ। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে গেল।