প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ফালাকাটার চা বাগানে বুনো হাতির হামলায় মৃত্যু ২১ বছরের যুবকের

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বুনো হাতির অতর্কিত হামলায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সান্থাল লাইন এলাকায়। মৃতের নাম রাহুল টুডু, বয়স ২১ বছর। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং নতুন করে হাতির আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে রাহুল টুডুর ঘুম ভেঙেছিল। বাড়ি থেকে কিছুটা দূরের একটি বাঁশ বাগানে শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি বুনো হাতির মুখোমুখি হন। হাতির হামলায় গুরুতর জখম হন যুবক।

সকালে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা ওই বাঁশঝাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, দলগাঁও চা বাগানের লাগোয়া জঙ্গলে গতকাল একটি হাতির অবস্থান লক্ষ্য করা গিয়েছিল। যদিও লোকালয়ে হাতি ঢুকেছে বলে বন কর্মীদের কাছে খবর ছিল না। বন কর্মীদের অনুমান, ভোরের দিকে হয়তো বাঁশ বাগানের কাছে একটি হাতি ছিল এবং সেই হাতির হানাতেই রাহুল টুডুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, এভাবে চলতে থাকলে হাতি এক এক করে গ্রামবাসীদের মেরে ফেলবে। এই পরিস্থিতিতে বন দফতরের পক্ষ থেকে গভীর রাত ও ভোরের দিকে এলাকাবাসীদের ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে। সরকারি নিয়ম মেনে মৃত যুবকের পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছে বন দফতর।