ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়ো খবর! উদ্বিগ্ন ভক্তরা, হাসপাতালে তারকাদের ভিড়, এষা দেওল স্পষ্ট জানালেন ‘বাবা সুস্থ হচ্ছেন’

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। গতকাল রাত থেকেই প্রবীণ অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও তাঁর স্ত্রী হেমা মালিনী এবং কন্যা এষা দেওল দ্রুত সেই গুজব উড়িয়ে দিয়েছেন।

এষা দেওলের বার্তা:

কন্যা এষা দেওল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্পষ্ট করে জানিয়েছেন যে অভিনেতা সুস্থ আছেন এবং তিনি ভুল তথ্য প্রচার না করার জন্য জনগণের কাছে অনুরোধ করেছেন:

“মিডিয়া অতিমাত্রায় ভুয়ো খবর ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। আমার বাবা সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য ধন্যবাদ।”

হাসপাতালে তারকাদের ভিড়:

শারীরিক অসুস্থতার কারণে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেছেন বলিউডের একাধিক সেলেব্রিটি।

সোমবার গভীর রাতে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তাঁর ছেলে আরিয়ান খান হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে যান।

মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতা আমির খান তাঁর বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে হাসপাতালে যান।

এরপরই স্ত্রী হেমা মালিনী, কন্যা এষা দেওল এবং অভিনেতা অভয় দেওলকেও হাসপাতালে ঢুকতে দেখা যায়।

হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁর ছেলে সানি দেওলকেও। তিনি মিডিয়ার কাছে অনুরোধ করেন, তাঁকে যেন জায়গা দেওয়া হয় এবং তাঁর গাড়িটিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়।

হাসপাতাল থেকে আসা এই খবরাখবর এবং তারকাদের এই ভিড় দেখে ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ আরও বেড়েছে। প্রবীণ অভিনেতার মুম্বইয়ের বাসভবনের বাইরেও শুভাকাঙ্ক্ষীরা জড়ো হয়েছেন। যদিও অভিনেতার পরিবার এই মুহূর্তে কেবল তাঁর আরোগ্যের দিকেই মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।