“ভারত শিগগিরই আমাকে আবার ভালোবাসবে”-কেন বড় আশা প্রকাশ করলেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় ঘোষণা করে জানিয়েছেন যে, ভারতের ওপর আরোপিত শুল্ক (ট্যারিফ) অর্ধেক বা ৫০% কমানো হবে। ট্রাম্প স্পষ্ট করেছেন, ভারতের ওপর উচ্চ কর আরোপের মূল কারণ ছিল রাশিয়া থেকে তেল কেনা। এখন যেহেতু ভারত রাশিয়ার তেল কেনা কমিয়েছে, তাই এই কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, “ভারত হয়ত এখন আমাদের ভালোবাসে না। কিন্তু শিগগিরই তারা আমাদের ভালোবাসবে। বর্তমানে ভারত রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত শুল্কের মুখোমুখি। কিন্তু তারা এখন রাশিয়ার তেল কেনা কমিয়েছে। সেই কারণে আমরা ভারতের ওপর আরোপিত করও কমাব।”
এর আগে, ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫% পারস্পরিক কর (reciprocal tax) আরোপ করেছিল, যা কয়েক মাস পরে হঠাৎ করে ৫০% করা হয়। ট্রাম্পের অভিযোগ ছিল, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিকভাবে সাহায্য করছে। মার্কিন কর্মকর্তারা ধারাবাহিকভাবে এই ইস্যুতে ভারতের ওপর চাপ বজায় রেখেছিলেন।
বাণিজ্য চুক্তি নিয়ে আশার আলো
কর কমানোর এই ঘোষণায় ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা শুরু হলেও মার্কিন কর-আক্রমণের কারণে তা স্থগিত হয়ে যায়। বিশেষ করে আগস্ট মাসে ট্রাম্প যখন ভারতের ওপর ৫০% কর আরোপ করেন, তখন আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তবে ট্রাম্পের এই সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে আশা করা হচ্ছে, কর হ্রাসের হাত ধরে দুই দেশের মধ্যে স্থগিত হয়ে যাওয়া বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুতই আবার শুরু হবে।