রাহুল গান্ধীর ‘এইচ বোমা’! হরিয়ানার ভোটার তালিকায় ভয়াবহ কারচুপির অভিযোগ, এক বাড়িতেই ৫০১ ভোটারের নাম!

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এক বিস্ফোরক সাংবাদিক সম্মেলন ঘিরে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তিনি এটিকে ‘এইচ বোমা’ বা ‘ভোটচুরি’ আখ্যা দিয়েছেন। কংগ্রেস নেতার দাবি, বিজেপি ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে, এবং এই জালিয়াতির সংখ্যা প্রায় ২৫ লক্ষ!

এক বাড়িতে ৫০১ ভোটার!
রাহুল গান্ধীর সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি ছিল হরিয়ানার হোডাল শহরকে কেন্দ্র করে। তিনি দাবি করেন, হোডাল শহরের ২৬৫ নম্বর বাড়িটির ঠিকানায় মোট ৫০১ জন ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। কংগ্রেসের তদন্তে উঠে এসেছে, এই বাড়িটি স্থানীয় বিজেপি নেতা এবং প্রাক্তন পুর কাউন্সিলর সুন্দর সিংয়ের নামে রয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ, হরিয়ানায় মোট দু’কোটি ভোটার থাকলেও, তার মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো! গেরুয়া শিবির এই ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে ভোটযুদ্ধে বাজিমাত করেছে।

ব্রাজিলিয়ান মডেলের ছবি দিয়ে জাল কার্ডের অভিযোগ
বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন। তিনি একটি মহিলার ছবি দেখিয়ে দাবি করেন যে, তিনি একজন ব্রাজিলিয়ান মডেল। ওই মডেলের ছবি ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হয়েছে। রাহুলের অভিযোগ, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রের ১০টি বুথে ওই একই ছবি ২২ বার ব্যবহৃত হয়েছে। কখনও সেই ছবির পাশে ভোটারের নাম সীমা, কখনও সুইটি, কখনও বা সরস্বতী লেখা হয়েছে।

বিজেপির সাফাই: ‘ডেটা এন্ট্রির ভুল’
বিষয়টি সামনে আসার পর গেরুয়া শিবিরের পক্ষ থেকে দ্রুত এই অভিযোগকে ‘ডেটা এন্ট্রির ভুল’ বলে ব্যাখ্যা করা হয়। তাদের দাবি, বুথ লেভেল অফিসার (BLO)-এর এন্ট্রির ভুলেই ওই এলাকার সব বাড়ির নম্বর ভুলবশত ২৬৫ হয়ে গিয়েছে।

বিজেপি নেতা সুন্দর সিং নিজেও স্বীকার করেছেন যে, “ওই এলাকার সব বাড়ি ভোটার তালিকায় ২৬৫ নম্বর বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি পাশের গলিতে আমার দাদুর ভাইদের বাড়িও একই নম্বরে তালিকাভুক্ত।”

তবে সুন্দর সিং সন্দেহ প্রকাশ করে বলেন, অনেকে উত্তরপ্রদেশের ভোটার হওয়া সত্ত্বেও এখানে নাম তুলেছেন, ফলে দ্বৈত রেজিস্ট্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও স্থানীয়রা নিজেদের প্রকৃত ভোটার বলে দাবি করেছেন।

এই পরিস্থিতিতে হরিয়ানার ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। নির্বাচন কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর দেশবাসীর।