১৮ ডিগ্রিতে তাপমাত্রা! নতুন সপ্তাহে রাজ্যজুড়ে কতটা পারদ পতন? জেনেনিন বিস্তারিত

শহর কলকাতায় শীতের মহড়া শুরু! নভেম্বরের শুরুতেই হিমের পরশ নিয়ে পারদ নামতে শুরু করেছে মহানগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে। সপ্তাহান্তে ও আগামী সপ্তাহে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রায় আমূল পরিবর্তন আসতে চলেছে— অপেক্ষা শুধু জাঁকিয়ে শীতের।
৩ ডিগ্রি পারদ পতন: কলকাতার পারদ কত নামবে?
পূর্বাভাস আগেই ছিল, সেই মতোই শুক্রবার রাতে কলকাতার তাপমাত্রা নেমেছে। বৃহস্পতিবার রাতের ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায় সাড়ে তিন ডিগ্রি কমে শুক্রবার সকালে দাঁড়ায় ২১.৬ ডিগ্রিতে।
বিরাট আপডেট: আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে নামবে। বুধবারের মধ্যে তা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে।
বুধবার থেকে আগামী সপ্তাহ টানা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে ২৯ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
পশ্চিমের জেলায় কাঁপুনি: উত্তরবঙ্গে কুয়াশার দাপট
পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি। গত চার দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের বাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে।
উত্তরবঙ্গের খবর: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উপরের ৫টি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। সকালের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকবে। আগামী ৩ দিনের মধ্যে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে।
দীর্ঘমেয়াদি শীতের ইঙ্গিত?
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ— রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে চলতি শীতের মরশুম দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হলেও, সেই বাধা কেটে গেলেই দেশ জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা উজ্জ্বল।