দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী: উত্তর কোরিয়ার ‘বড় হামলার’ হুমকি, নিরাপত্তা বৈঠকে ক্ষুব্ধ পিয়ংইয়ং

দক্ষিণ কোরিয়ায় আমেরিকার বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’-এর আগমন এবং সিউলের সাথে উচ্চ-পর্যায়ের নিরাপত্তা বৈঠক আয়োজনের পরই উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আমেরিকার এই পদক্ষেপে পিয়ংইয়ং চরম ক্ষুব্ধ হয়েছে।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কুয়াং চোল শনিবার একটি বিস্ফোরক বিবৃতি জারি করে সরাসরি ‘বৃহৎ আক্রমণের’ হুমকি দিয়েছেন। মন্ত্রী নো সতর্ক করে বলেন, শত্রুদের হুমকির বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি রক্ষার নীতির ভিত্তিতে পিয়ংইয়ং ‘আরও আক্রমণাত্মক পদক্ষেপ’ দেখাবে।
উত্তেজনার প্রধান কারণ:
- মার্কিন রণতরীর প্রবেশ: মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ‘জর্জ ওয়াশিংটন’-এর বুসানে প্রবেশ।
- যৌথ মহড়া: আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ বিমান মহড়া।
- মার্কিন নিষেধাজ্ঞা: সাইবার মানি লন্ডারিংয়ের অভিযোগে উত্তর কোরিয়ার ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আরোপ।
প্রতিরক্ষামন্ত্রী নো কুয়াং চোল দাবি করেন, মার্কিন সামরিক পদক্ষেপ এবং যৌথ মহড়া পরিস্থিতিকে আরও বেশি উসকে দিয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, উত্তর কোরিয়াকে প্রতিহত করাই আমেরিকা-দক্ষিণ কোরিয়া জোটের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, শুক্রবার মার্কিন নিষেধাজ্ঞার জবাবে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা এখন তুঙ্গে বলে মনে করা হচ্ছে।