শতবর্ষ পূর্তি RSS-এর! বেঙ্গালুরুতে আজ ও কাল বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সরসংঘচালক মোহন ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) গৌরবময় শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে বিশেষ আয়োজন। গত ২ অক্টোবর, বিজয়া দশমীর দিন ১০০ তম বর্ষে পা দেয় আরএসএস। এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে ইতিমধ্যেই ইয়ুথ কনভেনশন, দুয়ারে দুয়ারে প্রচার, হিন্দু সম্মেলন, এবং সামাজিক সদ্ভাব সমাবেশের আয়োজন করা হয়েছে।

এই শতবর্ষ পূর্তির অংশ হিসেবেই ৮ ও ৯ নভেম্বর আরএসএসের তরফে বেঙ্গালুরুতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সরসংঘচালক ডঃ মোহন ভাগবত বক্তব্য রাখবেন।

চার শহরে মোহন ভাগবতের বিশেষ বক্তৃতা

আরএসএসের শতবর্ষ উপলক্ষে মোহন ভাগবত দেশের চারটি প্রধান শহরে— নয়া দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও কলকাতায়— “১০০ বছর সংঘ জার্নি: নিউ হরাইজ়ন” শীর্ষক বিশেষ বক্তৃতা দেবেন।

এর মধ্যে প্রথম লেকচারের আয়োজন করা হয়েছিল ২৬, ২৭ ও ২৮ অগস্ট নয়া দিল্লিতে। আজ, ৮ ও ৯ নভেম্বর বেঙ্গালুরুতে দ্বিতীয় লেকচার পর্বের আয়োজন করা হয়েছে। বেঙ্গালুরুর পিইএস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কেরল থেকে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া, শিল্প, সামাজিক সেবা এবং আধ্যাত্মিক জগতের বহু বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন।

আজ ও কাল কখন দেখা যাবে সরাসরি সম্প্রচার?

সরসংঘচালক ডঃ মোহন ভাগবত আজ, শনিবার বিকেল ৪টে থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত বক্তব্য রাখবেন। রবিবার, ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাঁর দ্বিতীয় দিনের বক্তব্য শোনা যাবে।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আরএসএসের নিজস্ব ইউটিউব চ্যানেল www.youtube.com/RSSorg এবং ফেসবুক পেজ **www.facebook.com/RSSorg**-এ সরাসরি সম্প্রচারিত হবে।