লঙ্কার গুঁড়ো ছুড়ে সোনার দোকানে ছিনতাইয়ের চেষ্টা! আমদাবাদে মহিলাকে বেধড়ক পেটালেন দোকানদার, ভাইরাল ভিডিও!

আমদাবাদের (Ahmedabad) এক গয়নার দোকানে চুরি করতে গিয়ে বড় বিপাকে পড়লেন এক মহিলা। তাঁর ছিনতাইয়ের চেষ্টা শুধু ব্যর্থই হলো না, দোকানের মালিকের হাতে তাঁকে বেধড়ক মারও খেতে হলো। ঘটনার এই হাড়হিম করা সিসিটিভি ভিডিও এখন নেটমাধ্যমে ঝড় তুলেছে।
ঘটনাটি ঘটেছে আমদাবাদের রানিপ এলাকার একটি গয়নার দোকানে। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কীভাবে এক মহিলা ক্রেতা সেজে দোকানে ঢোকেন। মুখের কিছুটা অংশ ওড়না দিয়ে ঢাকা ছিল তাঁর। তিনি প্রথমে স্বাভাবিক ক্রেতার মতোই গয়না দেখছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আচমকাই মহিলাটি পকেট থেকে লঙ্কার গুঁড়ো বের করে দোকানদারের মুখের দিকে ছুড়ে মারেন। অভিযোগ, সেই মুহূর্তে তিনি দোকান থেকে গয়না ছিনিয়ে নিয়ে পালানোর পরিকল্পনা করেছিলেন।
তবে অভিযুক্ত মহিলার পরিকল্পনা ভেস্তে যায় দোকানদারের দ্রুত বুদ্ধির কাছে। লঙ্কার গুঁড়ো ছোড়ার আগেই দোকানদার অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেখান। তিনি চোখ বাঁচিয়ে পাশ কাটিয়ে মহিলার হাত চেপে ধরেন এবং ছিনতাইয়ের চেষ্টা রুখে দেন। এরপর উত্তেজিত অবস্থায় দোকানদার মহিলাকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন। ভিডিওতে দেখা গেছে, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে তিনি প্রায় ১৭ বার মহিলাকে চড় মারেন। মারধরের পর তাঁকে ধাক্কা দিয়ে দোকানের বাইরে বের করে দেন।
মারধরের সময় স্থানীয় লোকজন ছুটে আসেন। এই সুযোগে ওই মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে তিনি উধাও। দোকান কর্তৃপক্ষ পরে সিসিটিভি ফুটেজ রানিপ থানার পুলিশের হাতে তুলে দেয়। সেই ভিডিও-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরছে।
In #Ahmedabad , a woman tried to rob a jewellery store by throwing chilli powder into the owner’s eyes.
But even in that moment, the owner who strongly believes in gender equality — ensured “equal treatment” and gave the female thief 18 tight slaps.#Equality delivered. 💁♀️💥 pic.twitter.com/KKuSwaONXv— Mayank Burmee (@BurmeeM) November 7, 2025
রানিপ থানার পুলিশ জানিয়েছে, ফুটেজে মহিলার মুখ আংশিকভাবে দেখা যাচ্ছে। তাঁকে চিহ্নিত করার এবং নিকটবর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। পুলিশের এক আধিকারিক বলেন, “ওই মহিলাকে শনাক্ত করার জন্য আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি। তাঁর উদ্দেশ্য ছিল গয়না ছিনিয়ে নেওয়া। তবে দোকানদারের উপস্থিত বুদ্ধিতে তা ব্যর্থ হয়।”
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দোকানদারের তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এমন মারধরের ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।