বাড়ির সামনে হল্লার প্রতিবাদ, মারধরে মৃত্যু খোদ পুলিশ SI-এর

বাড়ির সামনে মাত্রাতিরিক্ত চিৎকার-চেঁচামেচির প্রতিবাদ জানাতে গিয়ে চরম নৃশংসতার শিকার হলেন হরিয়ানা পুলিশের এক সাব-ইনস্পেক্টর (SI)। অভিযুক্তরা দল বেঁধে এসে তাঁকে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে। বৃহস্পতিবার রাতে হরিয়ানার ধানি শ্যাম লাল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত সাব-ইনস্পেক্টরের নাম রমেশ কুমার (৫৭)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে রমেশ কুমার তাঁর বাড়ির সামনে গোলমাল করার প্রতিবাদ জানালে অভিযুক্তরা সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু পরে দল বেঁধে আবার ফিরে এসে রমেশ কুমারের উপর নৃশংস হামলা চালায়।
পুলিশ সুপার শশাঙ্ক কুমার জানিয়েছেন, অভিযুক্তরা ইট ও লাঠি দিয়ে হামলা চালায়। ইটের আঘাতে রমেশ কুমারের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তিনি মারা যান। নিহত রমেশ কুমার পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের অফিসে কর্মরত ছিলেন এবং আগামী জানুয়ারি মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল।
এই খুনের ঘটনায় দ্রুত তদন্তে নেমেছে হরিয়ানা পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরাও ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ এই খুনের ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এখনও পর্যন্ত পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও একটি স্কুটার বাজেয়াপ্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।