৫৫ লক্ষ টাকা প্রতারণার শিকার TMC সাংসদ কল্যাণ, জেনেনিন কেসটা আসলে কী ?

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফেই এই বিষয়ে সাংসদকে অবহিত করা হয়। এই বড় মাপের সাইবার প্রতারণার ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

ডরম্যান্ট অ্যাকাউন্টকে নিশানা

জানা গিয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক থাকাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর বিধানসভার উপ শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সাংসদ হওয়ার পর দীর্ঘ দিন ওই অ্যাকাউন্টে কোনো লেনদেন না হওয়ায় এটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্টে’ (Dormant Account) পরিণত হয়েছিল।

প্রতারকরা এই ডরম্যান্ট অ্যাকাউন্টটিকেই নিশানা করে। অভিযোগ, সাংসদের ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করে প্রথমে কালীঘাটের একটি অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা এই ডরম্যান্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এরপর, জাল কেওয়াইসি (KYC) ব্যবহার করে প্রতারকরা অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় (Activate) করে এবং সেখান থেকে পুরো ৫৫ লক্ষ টাকা তুলে নেয়

তদন্তে সাইবার ক্রাইম এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এই ঘটনার বিষয়ে দ্রুত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।