ভ্যাপসা গরমে অস্বস্তি! আগামী ৩ দিনে তাপমাত্রা কমবে কি? উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় আপডেট

কার্তিক মাসেও ভ্যাপসা গরমের অনুভূতি এবং আকাশে মেঘের আনাগোনায় শীতের উঁকিঝুঁকিতে কিছুটা লাগাম পড়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি এবার বঙ্গে দেরিতে আসবে শীত? আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, রাজ্যে পাকাপাকিভাবে শীতের আগমন নিয়ে এখনই নিশ্চিত করে বলার সময় আসেনি। তবে আপাতত ঝড়বৃষ্টি, নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও প্রভাব বাংলায় পড়বে না। আগামী দু’দিন আবহাওয়া একই রকম শুষ্ক থাকবে এবং তাপমাত্রারও তেমন কোনো হেরফের হবে না।
আজকের আবহাওয়া (শুক্রবার): দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়া খটখটে থাকবে।
বুধবারের পর দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কলকাতার আকাশও পরিষ্কার থাকবে। এখনই জাঁকিয়ে শীতের ছোঁয়া না থাকলেও, হালকা তিরতিরে ঠান্ডা হাওয়া বইতে পারে।
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: উত্তরবঙ্গেও আপাতত ঝড়বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
উত্তরবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রার কোনো বড় বদল হবে না।
তবে, পরের তিনদিন সেখানেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, নভেম্বরে এখনই শীত আসার সম্ভাবনা কম। গত বৃহস্পতিবারও বিকেলের দিকে অস্বস্তিকর গরমের অনুভূতি ছিল। তবে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে শুরু করলে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলতে পারে। গত বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিক) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম)।