কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক! গায়েব ৬৫ লক্ষ টাকা, কীভাবে ঘটল এই মারাত্মক জালিয়াতি?

ব্যাঙ্ক জালিয়াতদের খপ্পরে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬৫ লক্ষ টাকা গায়েব হওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি নিজেই। তৃণমূল নেতা জানান, তাঁর দীর্ঘদিন ধরে ব্যবহার না করা একটি অ্যাকাউন্টে এই বড় অঙ্কের জালিয়াতি করা হয়েছে।

পুলিশের দ্বারস্থ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর দ্রুত পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি লালবাজারের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার, তবে এখনও পর্যন্ত অভিযুক্ত জালিয়াতরা অধরা।

কীভাবে ঘটল জালিয়াতি? সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর হাইকোর্ট শাখার যে অ্যাকাউন্টটি দীর্ঘ দিন ব্যবহার করেননি, সেটি ‘ডর্ম্যান্ট’ বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। জালিয়াতরা সেই অ্যাকাউন্টেরই কেওয়াইসি (KYC) তথ্য চুরি করে জাল করে। অর্থাৎ, কেওয়াইসি জাল করেই অ্যাকাউন্ট থেকে ৬৫ লক্ষ টাকা তুলে নিয়েছে প্রতারকরা।

ব্যাঙ্ক ম্যানেজারের ফোনে ফাঁস এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে একটি ফোন কলের মাধ্যমে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, একদিন সন্ধ্যায় ব্যাঙ্ক ম্যানেজারের ফোন পান তিনি। ম্যানেজার জানতে চান, তাঁর অ্যাকাউন্ট থেকে একটি বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি অবগত কিনা। এই প্রশ্ন শুনেই তিনি আকাশ থেকে পড়েন এবং সঙ্গে সঙ্গে জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে অনলাইন জালিয়াতি ব্যাপক হারে বাড়ছে। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে কেওয়াইসি জালিয়াতি পর্যন্ত নানা কৌশলে প্রতারকরা গ্রাহকের অজান্তেই অ্যাকাউন্টের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে। আর সেই জালিয়াতদেরই শিকার হলেন সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।