দেশ ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াচ্ছেন তানিয়া দেওয়ানজী! ভরতনাট্যম শিল্পী কেন এই প্রজন্মের উজ্জ্বল মুখ?

ভারতীয় নৃত্যকলার ইতিহাসে ভরতনাট্যম এক অনন্য ভাষা, যা শরীর, লয়, ভাব, রস এবং অভিব্যক্তির এক বিস্ময়কর সংলাপ তৈরি করে। আর বর্তমান প্রজন্মের সেই ভাষার অন্যতম উজ্জ্বল মুখ হলেন শিল্পী তানিয়া দেওয়ানজী। কঠোর রেওয়াজ, দীর্ঘ অধ্যবসায় আর সাধনার পথে হেঁটে আজ তিনি দেশ ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে সুপরিচিত নাম।
শিল্পীর পথ তিনি ছোটবেলায়ই বেছে নিয়েছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি প্রখ্যাত শিল্পী শ্রীমতী থাঙ্কমনি কুট্টির শিষ্যা হিসেবে নিজের শিল্পকে আরও বিকশিত করেন।
দেশ-বিদেশের মঞ্চে অবিস্মরণীয় পরিবেশনা
তানিয়া দেওয়ানজীর শিল্পযাত্রার বিস্তার বিশাল। দূরদর্শনে তাঁর বিপুল উপস্থিতি ছাড়াও, তিনি ভারতের শতাধিক গুরুত্বপূর্ণ মঞ্চে দর্শককে মুগ্ধ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— কর্ণাটক নৃত্যোৎসব, উদয় শঙ্কর নৃত্যোৎসব এবং পুরী বিচ ফেস্টিভ্যাল।
দেশের গণ্ডি পেরিয়ে তিনি আন্তর্জাতিক মঞ্চেও ভারতীয় নৃত্যের গৌরব তুলে ধরেছেন। সিঙ্গাপুর, কুয়েত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কে বহু আন্তর্জাতিক উৎসবে তাঁর পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সম্মান ও স্বীকৃতির মুকুটে নতুন পালক
ডোভার লেন মিউজিক কনফারেন্সসহ বহু সম্মান তাঁর ঝুলিতে জমা পড়েছে। তাঁর বহুমুখী প্রতিভার আরেকটি দিক হলো কোরিওগ্রাফি। জনপ্রিয় আইপিএল টি টুয়েন্টি ফাইনালেও তাঁকে কোরিওগ্রাফার হিসেবে দেখা গিয়েছে।
এই সময়ের ভরতনাট্যমে তানিয়া দেওয়ানজী এক অনন্য আলো যা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে।