‘মুখ্যমন্ত্রী না গুন্ডা বুঝতে পারি না’! SIR-এ বিএলও’দের উপর হামলার ঘটনায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সুকান্তের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া (SIR) শুরু হওয়ার পর থেকেই বুথ লেভেল অফিসারদের (বিএলও) উপর হামলা এবং হয়রানির বিক্ষিপ্ত ঘটনা সামনে আসছে। এই সমস্ত ঘটনার জন্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্তের কাঠগড়ায় তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “উনি মুখ্যমন্ত্রী না গুন্ডা বুঝতে পারি না।”

বৃহস্পতিবার বিশ্বভারতীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিএলও’দের ভয় দেখানোর প্রসঙ্গটি উত্থাপন করেন।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সুকান্ত মজুমদার অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী নিজেই বিএলও’দের ভয় দেখাচ্ছেন এবং তৃণমূল সব রকমভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর দাবি:

“বিএলও’দের জোর করে রাতে পার্টি অফিসে ডাকা হচ্ছে। পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বয়ং বিএলও’দের ভয় দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী, নাকি গুন্ডা, মাঝে মাঝে বুঝতে পারি না।”

তাঁর আরও অভিযোগ, তৃণমূলের দলীয় দপ্তর থেকেও ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি হচ্ছে।

কোচবিহারে বিএলও-কে জুতোর মালা পরানোর অভিযোগ
কেন্দ্রীয় মন্ত্রী যখন এই মন্তব্য করছেন, ঠিক তখনই রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির সময় নজিরবিহীন হেনস্তার ঘটনা সামনে এসেছে কোচবিহারের মাথাভাঙ্গা থেকে। অভিযোগ, মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচা ঘর গ্রামে ২৩৯ নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট নিবাস দাসকে মারধর করে জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানো হয়েছে। পদ্ম শিবিরের অভিযোগ, তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা পরিকল্পনা করে এই হেনস্তা করেছে।

SIR-এ মৃত্যু নিয়ে সুকান্তের প্রশ্ন
বাংলায় এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, এখনো পর্যন্ত আতঙ্কে সাতজনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এসআইআর তো আর বিজেপি করাচ্ছে না, নির্বাচন কমিশন করাচ্ছে।

“আরো নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। কোথাও তো কেউ মারা যাচ্ছে না। তাহলে বাংলায় মৃত্যু হচ্ছে কেন? নির্বাচন কমিশন জানে কিভাবে কাজ করতে হয়।”

রাহুল গান্ধীকে ‘এসি বয়’ কটাক্ষ
অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হরিয়ানা ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে ভোট জালিয়াতির অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “কোনো একটা ভুল থেকেই এই ঘটনা ঘটেছে। এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল।”

রাহুল গান্ধীকে কটাক্ষ করে সুকান্ত বলেন, “রাহুল গান্ধীর বাস্তব পরিস্থিতির সম্পর্কে কোনো ধারনা নেই। উনি তো বাড়ি থেকেই বের হননি, এসি বয়। যারা মানুষের সঙ্গে থেকে রোদে ও জমিতে ঘুরে বেড়ায় তারা বাস্তবটা চেনে।”