অক্টোবরে ডাকাতি, নভেম্বরে গ্রেফতার! পেট্রোল পাম্পের সামনে ব্যবসায়ীকে লুঠের ঘটনায় ধরা পড়ল ৩ দুষ্কৃতী

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় গত মাসে হওয়া এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। বাদুড়িয়া থানার পুলিশি তৎপরতায় এক মাসের মধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ অক্টোবর ডাকাতির ঘটনাটি ঘটেছিল। বাদুড়িয়া থানার যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটঘরা পেট্রোল পাম্পের সামনে গৌড়বঙ্গ রোডে দাঁড়িয়েছিলেন আটুরিয়ার বাসিন্দা সঞ্জয় নাথ নামে এক ব্যবসায়ী।
সাড়ে ৯ লক্ষ টাকা লুঠ
ওই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, সঞ্জয়বাবুকে মারধর করে তাঁর কাছে থাকা সাড়ে ৯ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীদের দল চম্পট দেয়। এরপরই সঞ্জয় নাথ বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ।
পুলিশি হেফাজতে ধৃতরা
প্রায় এক মাসের মধ্যেই এই ডাকাতির অভিযোগের ভিত্তিতে পুলিশ মিজানুর আলি, সুরজিৎ মন্ডল ও সুশান্ত রায় নামে তিনজনকে গ্রেফতার করেছে।
বাদুড়িয়া থানার পুলিশের এই দ্রুত সাফল্যে স্থানীয় এলাকায় স্বস্তি ফিরেছে। ধৃত তিন দুষ্কৃতীকে এদিন ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ধৃতদের জেরা করে এই ডাকাতির ঘটনায় আর কারা জড়িত এবং লুঠ হওয়া টাকা উদ্ধার করা যায় কিনা, তা জানার চেষ্টা করছে।