‘কাগজ নেই, কী হবে!’ SIR আতঙ্কে গলায় ফাঁস সফিকুলের, বিজেপিকে দুষলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। জয়পুর এলাকার বাসিন্দা, মুর্শিদাবাদের আদি বাসিন্দা সফিকুল গাজি (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর। মৃতের স্ত্রীর অভিযোগ, এসআইআর (SIR) আতঙ্কের কারণেই তাঁর স্বামী এই চরম পথ বেছে নিয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সফিকুল গাজী মুর্শিদাবাদের হলেও ভাঙড়ে শ্বশুরবাড়িতে থাকতেন। গত কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় তিনি জখম হয়েছিলেন এবং তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সফিকুল দুশ্চিন্তায় ছিলেন।
স্ত্রীর দাবি ও তৃণমূলের অভিযোগ:
সফিকুল গাজির স্ত্রীর দাবি, গত কয়েক দিন ধরে স্বামী বারবার বলছিলেন, “আমার তো কোনো পরিচয়পত্র নেই, ভাই-বাপ কেউ নেই। কী হবে!” এই আতঙ্কেই তিনি আত্মহননের পথ বেছে নেন।
এই ঘটনার খবর পেয়েই বুধবার মৃতের বাড়িতে পৌঁছান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “সফিকুল গাজির বাবা-মায়ের বৈধ কাগজপত্র আছে। কিন্তু ওর নিজের কোনও দলিল বা পরিচয়পত্র নেই। সেই হতাশায় এই ঘটনা। বিজেপির NRC-এর জুজু এবং SIR আতঙ্কই এই মৃত্যু মিছিলের কারণ। বিজেপিকে এর জবাব দিতে হবে।” তৃণমূল বিধায়ক এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন।
বিজেপির পাল্টা অভিযোগ:
যদিও এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, সফিকুল গাজির মৃত্যুর ঘটনায় অকারণে রাজনীতি করছে তৃণমূল। তারা তৃণমূলকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সফিকুল গাজির অস্বাভাবিক মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এই ঘটনা নিয়ে SIR আতঙ্কে রাজ্যে মোট অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ল বলে দাবি করেছে বেশ কয়েকটি সূত্র।