সিনেমা হলে জলের দাম ১০০, কফির ৭০০! অতিরিক্ত মূল্য নিয়ে সর্বোচ্চ আদালতের কড়া বার্তা

সিনেমা হলে জলের বোতল ১০০ টাকা এবং কফি ৭০০ টাকায় বিক্রি—খাবার ও পানীয়ের অতিরিক্ত মূল্য নির্ধারণ নিয়ে তীব্র সমালোচনা করল দেশের সুপ্রিম কোর্ট। দর্শকদের স্বার্থের কথা না ভেবে অযৌক্তিক হারে মূল্য চাপিয়ে দেওয়ার অভিযোগে মাল্টিপ্লেক্স মালিকদের কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মহেশ্বরীর বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, এমন চড়া দামে সাধারণ মানুষ হলমুখী হওয়া কমিয়ে দেবে। যার ফলে সিনেমা হলগুলো শেষ পর্যন্ত ফাঁকা পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। কর্নাটকে সিনেমা টিকিটের সর্বোচ্চ মূল্য (২০০ টাকা) নির্ধারণ সংক্রান্ত মামলার শুনানিতে আদালত এই উদ্বেগ প্রকাশ করে। বাইরে ৫০ টাকার জলের বোতল হলে ৪০০+ ট্যাক্সে বিক্রি হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেয় আদালত। সর্বোচ্চ আদালত সাফ জানায়, শুধুমাত্র টিকিট নয়, হলের অভ্যন্তরে জল ও কফির মতো সাধারণ পানীয়ের দামের ওপরও জনস্বার্থে অবিলম্বে পুনর্বিবেচনা করা প্রয়োজন। মাল্টিপ্লেক্সগুলোর এই ‘লুট’ বন্ধ হওয়া উচিত, কড়া বার্তা শীর্ষ আদালতের।