‘ঐশ্বর্যকে প্লাস্টিক বিউটি বলতে চাইনি!’ ‘কফি উইথ করণ’ বিতর্কে মুখ খুললেন ইমরান হাসমি!

অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে একসময় ‘প্লাস্টিক বিউটি’ বলে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা ইমরান হাসমি। ‘কফি উইথ করণ’ শো-এর ব়্যাপিড ফায়ার রাউন্ডে করা তাঁর এই মন্তব্য বলিউড থেকে দর্শক মহল—সবখানেই তীব্র রোষের সৃষ্টি করেছিল। সেই মন্তব্যের জেরে একপ্রকার কোণঠাসা হয়ে উঠেছিলেন ইমরান।

সেই বিতর্ক অতীত হলেও, সম্প্রতি ইমরান হাসমি তাঁর জীবনের সেই বিতর্কিত পর্ব নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি মোটেও মন থেকে ঐশ্বর্য সম্পর্কে এমন মন্তব্য করতে চাননি।

গিফট বক্স জিততে মন্তব্য!

ইমরান হাসমি দাবি করেন যে তাঁর ওই মন্তব্যের মূল কারণ ছিল গিফট বক্স জেতা। ‘কফি উইথ করণ’ শো-য়ের ধরনেই এমন কিছু বলার প্রয়োজন হয় যা খবরের শিরোনামে জায়গা করে নেয়। তাঁর মতে, এই টকশো-য়ের চরিত্রই হলো চর্চা তৈরি করা। অভিনেতা বিশ্বাস করেন, তিনি যদি আবারও সেই শো-তে যান, তবে উপহার জিততে হলে আবারও এমন কোনো মন্তব্যই তাঁকে করতে হবে, যা বিতর্কের জন্ম দেবে।

অভিনেতা এও স্বীকার করেছেন যে, এই মন্তব্য করে তিনি বলিউডের অন্দরমহলে অনেক শত্রু তৈরি করেছিলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি ঐশ্বর্যকে ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন এবং শ্রদ্ধা করেন। তিনি মোটেও মন থেকে এই কথা বলেননি।