সতর্ক হন ব্যবহারকারীরা: ২৯ অক্টোবর থেকে বদলে গেল ChatGPT-র নীতি, কেন বিপদ ডেকে আনছিল AI?

আইনি সাহায্য, চিকিৎসার তথ্য কিংবা আর্থিক পরামর্শের জন্য মানুষ এখন দ্রুত এআই (AI)-এর দিকে ঝুঁকছে। কিন্তু এই নির্ভরতার কারণে অনেক ক্ষেত্রেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার নজির তৈরি হওয়ায়, ওপেনএআই (OpenAI) তাদের জনপ্রিয় এআই চ্যাটবট ChatGPT-এর ব্যবহারের নীতিতে বড় পরিবর্তন এনেছে।

ঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর, ২০২৫ থেকে চ্যাটজিপিটি আনুষ্ঠানিকভাবে চিকিৎসা (মেডিকেল), আইনি (লিগ্যাল) বা আর্থিক বিষয়ে ব্যক্তিগত পরামর্শ দেওয়া বন্ধ করে দিয়েছে। NEXTA-এর রিপোর্ট অনুসারে, এই চ্যাটবটকে এখন আর কোনো পরামর্শদাতা হিসেবে নয়, বরং কেবল একটি শিক্ষামূলক সরঞ্জাম (Educational Tool) হিসেবে বিবেচনা করা হবে। নতুন ব্যবহারের শর্তাবলী এটিকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।

কী পরিবর্তন এল নতুন নিয়মে?

নতুন নিয়ম অনুযায়ী, ChatGPT এখন আর নিম্নলিখিত ব্যক্তিগত পরামর্শগুলি দেবে না:

  • কোনো ওষুধের নাম বা তার নির্দিষ্ট ডোজের সুপারিশ করবে না।
  • আইনি কৌশল তৈরি করতে সাহায্য করবে না বা মামলার খসড়া দেবে না।
  • বিনিয়োগ সংক্রান্ত কেনা-বেচা বা আর্থিক পরামর্শ দেবে না।

NEXTA রিপোর্ট অনুযায়ী, চ্যাটবট এখন শুধুমাত্র সাধারণ নীতিগুলির ব্যাখ্যা দিতে পারবে এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত নির্দেশনার জন্য পেশাদারদের, যেমন ডাক্তার, আইনজীবী বা আর্থিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেবে।

ভুল পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা

এই নীতি পরিবর্তনের কারণ হলো বেশ কিছু ঘটনা, যেখানে ব্যবহারকারীরা ChatGPT-র তথ্যের উপর নির্ভর করে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তেমনই একটি গুরুতর ঘটনা ঘটেছিল আগস্টে, যখন ChatGPT-র ভুল তথ্যের ভিত্তিতে টেবিল সল্ট-এর (Table Salt) বদলে সোডিয়াম ব্রোমাইড (Sodium Bromide) গ্রহণ করেন এক ৬০ বছর বয়সী ব্যক্তি। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন-এর একটি রিপোর্ট অনুসারে, ওই ব্যক্তিকে তিন সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই ব্যক্তি পারানয়া (paranoia) এবং হ্যালুসিনেশন (hallucinations)-এর মতো মানসিক সমস্যার সম্মুখীন হন, যা আগে তাঁর ছিল না। এমন মারাত্মক ভুল এড়াতেই OpenAI এই কড়া পদক্ষেপ নিয়েছে।