ভারতে স্মার্টফোন বিক্রি ৫% বাড়লেও টাকার অঙ্কে বৃদ্ধি ১৮%! এই ৩ মাসে ফ্ল্যাগশিপ ফোনের বিক্রি কেন ২৯% বাড়ল?

জুলাই থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকটি ভারতীয় স্মার্টফোন বাজারের জন্য ‘জবরদস্ত’ ছিল। কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ভারতে স্মার্টফোন শিপমেন্টে ভলিউমের দিক থেকে ৫ শতাংশ এবং মূল্যের (Value) দিক থেকে ১৮ শতাংশ বার্ষিক বৃদ্ধি (YoY) দেখা গেছে। এই বিশাল বৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল ৩০,০০০ টাকার বেশি দামের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন।
এই ত্রৈমাসিকে প্রিমিয়াম হ্যান্ডসেটগুলির চাহিদা বছর-বছর ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভারতীয় স্মার্টফোন বাজারের ইতিহাসে দ্রুততম বৃদ্ধি। এই প্রবৃদ্ধির পিছনে প্রধানত অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung)-এর ফ্ল্যাগশিপ মডেলগুলির শক্তিশালী চাহিদা, কম সুদের হারে সহজ কিস্তির (EMI) বিকল্প এবং উৎসবের মরসুমের আগে দেওয়া বাম্পার ডিসকাউন্ট কাজ করেছে।
বাজারের শীর্ষ খেলোয়াড়েরা
এই ত্রৈমাসিকে বাজারের পরিসংখ্যান সম্পূর্ণ পাল্টে গেছে। ভলিউমের নিরিখে শীর্ষ ৫ ব্র্যান্ডের তালিকায় প্রথমবারের মতো প্রবেশ করেছে অ্যাপল।
- Apple: অ্যাপল ভলিউমের দিক থেকে ৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষ ৫-এ জায়গা করে নিয়েছে (যা গত বছর ছিল ৭ শতাংশ)। মূল্যের (Wholesale Value) নিরিখে, অ্যাপল ২৮ শতাংশ শেয়ার নিয়ে বাজারের সর্বোচ্চ স্থান দখল করেছে।
- Samsung: দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং ২৩ শতাংশ হোলসেল মার্কেট শেয়ার নিয়ে মূল্যের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে।
- iQOO: ভলিউমের নিরিখে ভিভো-র সাব-ব্র্যান্ড iQOO এই ত্রৈমাসিকে সবথেকে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে। এর মার্কেট শেয়ারে ৫৪ শতাংশের বিশাল বৃদ্ধি দেখা গেছে।
- Motorola: মটোরোলা জি (G) এবং এজ (Edge) সিরিজের শক্তিশালী চাহিদার কারণে শিপমেন্টে ৫৩ শতাংশের বৃদ্ধি নথিভুক্ত করেছে।
- Vivo: iQOO-কে বাদ দিয়ে Vivo ভলিউমের দিক থেকে ২০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষ ব্র্যান্ডগুলির মধ্যে নিজেদের স্থান ধরে রেখেছে।