পুরুলিয়ায় ‘রাজস্থানি ফ্লেভার’! শীত পড়তেই রঘুনাথপুরে কেন বাদামের বন্যা?

শীতের আগমনী সুরের সঙ্গে সঙ্গেই পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের বাজারে চলে এসেছে রাজস্থানের বিখ্যাত ও সুস্বাদু বাদাম। প্রতি বছরের মতো এই বিশেষ সময়ে রাজস্থানের উর্বর মাটিতে চাষ হওয়া এই স্বাদে অতুলনীয় বাদাম নিয়ে হাজির হয়েছেন ধানবাদের বাসিন্দা মাহবুব ইদ্রিসি। এই বাদাম বাজারে আসতেই শহরবাসীর মধ্যে ব্যাপক চাহিদা দেখা দিয়েছে এবং এটি এখন রঘুনাথপুরের এক বিশেষ আকর্ষণ।
বাদাম বিক্রেতা মেহবুব ইদ্রিসি, যিনি গত পাঁচ বছর ধরে নিয়মিত এই বিশেষ বাদাম বিক্রি করছেন, জানান, “রাজস্থানের এই বিখ্যাত বাদাম আমি শুধুমাত্র বছরের এই সময়টাতেই রঘুনাথপুরে বিক্রি করি। এখানকার মানুষ এই বাদাম খেতে খুব ভালবাসেন। চাহিদাও প্রচুর।”
অন্যদিকে, ক্রেতাদের মুখেও এই বাদামের প্রশংসা। এক ক্রেতা বলেন, “এই বাদাম খেতে সত্যিই অসাধারণ! রাজস্থানের মাটির গন্ধ এবং খাসা স্বাদ একেবারেই আলাদা। শীতের শুরুতে এই বাদাম শহরে পাওয়ায় আমাদের খুব সুবিধা হয়েছে।”
রাজস্থানের মাটির গন্ধ ও বাদামের খাসা স্বাদে এখন রঘুনাথপুর শহর ভরে উঠেছে। শীতের শুরুতেই এই রাজস্থানি বাদাম যেন বাজারের উষ্ণতা বাড়িয়ে দিয়েছে, যা শহরের আনাচে-কানাচে ঠান্ডা হাওয়ার মধ্যেও ছড়িয়ে দিচ্ছে উৎসবের আমেজ।