সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাম চরণ

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে থাকছেন রাম চরণ। খবরটি নিজেই নিশ্চিত করেছেন সালমান খান।

‘আরআরআর’ তারকা রাম চরণ ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন। খবরটি সালমান জানিয়েছেন ‘গডফাদার’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে।

শনিবার অনুষ্ঠানে সালমান বলেন, ‘রাম চরণ আমার সঙ্গে দেখা করতে এসে বলেন, ‘আমি ছবিতে থাকতে চাই’। আমি বললাম, ‘না-না’। কিন্তু তিনি বললেন, ‘আমি আপনার সঙ্গে এক ফ্রেমে থাকতে চাই’। আমি ভেবেছি তিনি রসিকতা করছেন। তাকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কী বলছেন!’ তিনি বললেন, ‘আমি শুধু ছবিতে থাকতে চাই।’

এরপর সালমান বলেন, ‘এভাবেই তিনি সিনেমাটির সাথে যুক্ত হয়েছেন এবং শুটিং-এর সময় আমরা দারুণ সময় কাটিয়েছি।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। চলতি বছরের শেষে মুক্তি পাবে এই ছবি।