৭ দিনে ১০ নাবালককে উদ্ধার করল রেল পুলিশ! পাচার রোধে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বড় সাফল্য

যাত্রীদের সুরক্ষা এবং মানব পাচার রোধে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) অক্টোবর মাসের শেষ সপ্তাহে এক প্রশংসনীয় সাফল্য লাভ করেছে। গত ২৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে, আরপিএফ কর্মীরা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (N.F. Railway) বিভিন্ন স্টেশন থেকে ১০ জন নাবালককে (৭ জন ছেলে এবং ৩ জন মেয়ে) উদ্ধার করেছেন।

উদ্ধার করা শিশুদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা ও পুনর্বাসনের জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ, এনজিও, সংশ্লিষ্ট অভিভাবক এবং স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরপিএফ সূত্রে খবর, ২৫ অক্টোবর ডিমাপুর এবং চাপরমুখের রেলওয়ে সুরক্ষা বাহিনী দল উদ্ধার অভিযান চালায়। এই অভিযানে মোট ৩ জন পলাতক নাবালককে (২ জন ছেলে এবং ১ জন মেয়ে) সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।

২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে আগরতলা, ডিমাপুর, কিষাণগঞ্জ এবং আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর দল গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান চালায়। এই সময়কালে, ডিমাপুর থেকে ৩ জন নাবালক ছেলে, আলিপুরদুয়ার জংশন থেকে ২ জন এবং আগরতলা ও কিষাণগঞ্জ স্টেশন থেকে ১ জন করে নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ‘মেরি সহেলি’ পদক্ষেপের অধীনে যে-সমস্ত মহিলা যাত্রী একা ভ্রমণ করছেন, তাঁদের সুরক্ষা এবং সুস্থতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আরপিএফের এই তৎপরতা মানব পাচার রোধ ও শিশু সুরক্ষার ক্ষেত্রে রেলপথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।