“আমাদের পাড়া, আমাদের সমাধান”-এই মিলল সুরাহা, ‘আলো’ দেখবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র

দক্ষিণ দিনাজপুরের বোয়ালদার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি প্রতিষ্ঠার এক যুগ পরেও বিদ্যুতের সংযোগহীন অন্ধকারে ছিল। ২০১২ সালে ভবনটি তৈরি হলেও, আলো ও পাখার ব্যবস্থা থাকা সত্ত্বেও ১৩ বছর ধরে সেখানে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না, ফলে গরমকালে বাচ্চাদের ক্লাস করতে চরম সমস্যা হতো। অবশেষে, জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের সৌজন্যে সেই অন্ধকার দশা কাটতে চলেছে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি এলাকায় বসেছিল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। সেই অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি-এর কাছে সরাসরি অভিযোগ নিয়ে হাজির হন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গঙ্গাশীল দাস।
গঙ্গাশীল দাস জানান, বিদ্যুতের সংযোগ ও সেন্টারের পাঁচিল নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। তিনি বলেন, “গরমকালে ক্লাস করতে খুব সমস্যা হয়। অনেকবার পঞ্চায়েত ও বিডিও অফিসে আবেদন করেও কাজ হয়নি। আজ তাই জেলাশাসককে বললাম।”
অভিযোগ শুনে জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের বিডিও, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার-সহ অন্যান্য আধিকারিক। তিনি সেন্টারের বাচ্চা এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং কেন এত বছর ধরে বিদ্যুৎ সংযোগ নেই, তা খতিয়ে দেখার নির্দেশ দেন।
জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি আশ্বাস দিয়ে বলেন, “আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে এই সেন্টারে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হচ্ছে। কারণ সেন্টারে সব কিছুর ব্যবস্থা রয়েছে।” সংযোগ চলে এলে বিল বাবদ মাসে ৫০০ টাকা করে টাকাও পাওয়ার কথা তাদের।
অভিভাবক প্রিয়াঙ্কা চৌধুরী এবং শম্পা সরকাররা জানান, ২০১২ সালে ভবনটি তৈরি হলেও আজ পর্যন্ত আলো জ্বলেনি, পাখা ঘোরেনি। জেলাশাসকের এই উদ্যোগে সমস্যা মিটলে তাঁরা খুবই খুশি হবেন। বোয়ালদার প্রাথমিক স্কুলের পাশে অবস্থিত এই কেন্দ্রে প্রতিদিন ৫০ জনের উপরে বাচ্চা আসে।