৩৩ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচার করতে গিয়ে ধরা পড়ল যুবক! ভারত-বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য, তদন্তে জলঙ্গি পুলিশ

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গিতে এবার পাচারের আগেই প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের দুটি সোনার বিস্কুটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে জলঙ্গি থানার পুলিশ।
ডোমকল এসডিপিও আইপিএস শুভম বাজাজ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে জলঙ্গি থানার পুলিশ টিম দক্ষিণ ঘোষপাড়া মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
২৫০ গ্রাম ওজনের সোনার বিস্কুট
ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহ হওয়ায় আটক করে পুলিশ। তল্লাশি চালানোর পর তার কাছ থেকে ২৫০ গ্রামের বেশি ওজনের দুটি সোনার বিস্কুট উদ্ধার হয়। বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা। এরপরেই ওই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সাকলিম আহমেদ, তার বাড়ি জলঙ্গীর মুরাদপুর এলাকায়।
পুলিশ নিশ্চিত হয়েছে যে ওই যুবক বাংলাদেশের দিক থেকে সোনা নিয়ে এসে মুর্শিদাবাদে বিক্রির চেষ্টা করছিল। তবে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে সে।
তদন্তের জাল পাতছে পুলিশ
এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে এবং কীভাবে বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট মুর্শিদাবাদের অভ্যন্তরে নিয়ে আসা হয়েছিল, তার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ।
ধৃত পাচারকারী সাকলিম আহমেদকে আগামীকাল বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।