কোচবিহারে ৭১৭ থেকে নাম কমে ১৪০! SIR শুরুর আগেই ‘চুপি চুপি কারচুপি’, বিস্ফোরক অভিযোগ TMC-র

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরুর আগেই তালিকা কারচুপির বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে দলের নেতা কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম চুপি চুপি সরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপি প্রমাণ হিসাবে দেখিয়ে এই অভিযোগ করেন।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধনের জন্য ২০০২ সালের তালিকাকেই গুরুত্ব দিয়েছে। কিন্তু সেই ২০০২ সালের তালিকা এবং সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা নামের তালিকার মধ্যে ব্যাপক গরমিল রয়েছে। তৃণমূলের প্রশ্ন, এসআইআর শুরুর আগেই এত ভোটারের নাম বাদ গেল কী করে?
কুণাল ঘোষ নির্দিষ্ট উদাহরণ তুলে ধরে বলেন:
কোচবিহারের নাটাবাড়ি, বুথ নম্বর ২: ২০০২ সালের লিস্টে ৭১৭ জনের নাম ছিল, বর্তমানে রয়েছে মাত্র ১৪০ জনের নাম। কুণালের প্রশ্ন: “৭১৭ থেকে ১৪০ কী করে হলো? বাকিরা কোথায় গেলেন?”
মাথাভাঙা, বুথ নম্বর ১৬০: ২০০২ সালের তালিকায় ৮৪১ জন ভোটার ছিলেন, এখন নাম রয়েছে ৪৬১ জনের।
আলিপুরদুয়ারের মাঝেরডাবরি: এক বিএলও-র বাবা, মা এবং ভাইয়ের নামও তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার অশোকনগর: একাধিক বুথে প্রচুর ভোটারের নাম উধাও।
তৃণমূলের নিশানায় সরাসরি বিজেপি। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, “বিজেপি নেতারা কী করে আগেভাগে বলছেন যে বহু সংখ্যক মানুষের নাম বাদ যাবে? এর অর্থ স্পষ্ট—বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তই ইলেকশন কমিশনের মাধ্যমে ওয়েবসাইটে উঠেছে।”