টস হেরেও টেনশন নেই! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নাটক শুরু, হরমনপ্রীতের মাস্টারপ্ল্যান কী?

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আজ উইমেন্স ইন ব্লু-এর সামনে কঠিনতম পরীক্ষা। অস্ট্রেলিয়ার শক্তিশালী দলের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে নামছেন হরমনপ্রীত কৌররা। এই বাধা পেরোলেই বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হবে, যেখানে অপেক্ষায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে দুইবার (২০০৫ এবং ২০১৭) ওয়ানডে বিশ্বকাপে রানার্স হলেও ভারত কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। আজকের ম্যাচটি তাই ‘ডু অর ডাই’ পরিস্থিতি।
ম্যাচে টস হেরেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। হিলি জানান, পরিবেশ ভালো আছে এবং পিচে খুব বেশি পরিবর্তন হবে না মনে করে তারা স্কোরবোর্ডে বড় রান তুলতে চান। তিনি নিজের ফিট থাকার কথাও নিশ্চিত করেন। একইসঙ্গে হিলি তাঁদের দলে দুটি পরিবর্তনের কথা জানান।
অন্যদিকে, টস হারার পর ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “টস জিতলে আমরাও প্রথমে ব্যাটিং বেছে নিতাম। ওভারহেড কন্ডিশনের সুবিধা নিতে ওরা এই সিদ্ধান্ত নিয়েছে। এই মাঠের পরিবেশ সম্পর্কে ওরা বেশ ভালোই জানে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় বরাবর আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করি। এই ম্যাচেও সেই মানসিকতাই থাকবে।”
এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী প্রতীকা রাওয়ালের জায়গায় ফিরে এসেছেন বিস্ফোরক ওপেনার শেফালি ভার্মা। এছাড়া, হরলীন দেওল ও উমা ছেত্রীকে বিশ্রাম দিয়ে দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ এবং ক্রান্তি গৌড়কে। ভারতীয় দল পূর্ণ শক্তিতেই এই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত।