SSC-র ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা, নভেম্বরের এই তারিখের মধ্যেই জানা যাবে ভাগ্য! জেনেনিন তারিখ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল স্কুল সার্ভিস কমিশন (SSC) কর্তৃক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ। নভেম্বরের ৭ তারিখের মধ্যেই ফলপ্রকাশ করতে চলেছে কমিশন। এরপরই শুরু হবে জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া। আদালতের নির্দেশ মেনেই ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়েছে এসএসসি। মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে লাগাতার অনিয়মের অভিযোগ, মামলার পর মামলা এবং কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ানোর পর শেষ পর্যন্ত প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল— ডিসেম্বর মাসের মধ্যে নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবার সেই নির্দেশ বাস্তবায়নে জোর কদমে তোড়জোড় চলছে।
পরীক্ষা ও শূন্যপদের পরিসংখ্যান:
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা: ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত, আবেদনকারী ছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা: ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত, আবেদনকারী ছিলেন ২ লক্ষ ৪৬ হাজার জন।
অন্যদিকে, প্রায় সাড়ে ৮ হাজার শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগ করবে এসএসসি। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩ নভেম্বর এবং চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। পুরনো শিক্ষাকর্মীদের অভিজ্ঞতার জন্য ৫ নম্বর অতিরিক্ত দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে সেপ্টেম্বরে পরীক্ষার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠকে পুজোর পর ফলপ্রকাশের কথা জানিয়েছিলেন, তবে দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল এবার।