‘আমার মৃত্যুর জন্য NRC দায়ী’! ৬ শব্দের সুইসাইড নোট, আগরপাড়ার ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা-অভিষেকের!

আগরপাড়ায় বছর সাতান্নর প্রৌঢ় প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই ব্যক্তির পাশ থেকে উদ্ধার হওয়া একটি চাঞ্চল্যকর নোট, যেখানে পুলিশের দাবি অনুযায়ী লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য NRC দায়ী’। ছ’শব্দের এই সুইসাইড নোটের কারণে ঘটনাটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, বিশেষত যখন বাংলায় SIR (সার্ভে) প্রক্রিয়া শুরু হয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ, NRC-র (জাতীয় নাগরিক পঞ্জি) আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর।
এই খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রকে নিশানা করেন। তিনি সাফ জানিয়েছেন, “আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ হোক। বাংলা কখনও এনআরসি অনুমোদন করবে না। কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না।”
বিকালে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি SIR ইস্যুতে কেন্দ্র এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুর চড়ান এবং প্রদীপ করের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন। অভিষেক বলেন, “প্রদীপ কর মারা গেলেন, তার বদলা রাজনৈতিকভাবে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ ও জ্ঞানেশ কুমার। তাদের নামে FIR হওয়া উচিত।”
রাজনৈতিক উত্তাপের মধ্যেই বুধবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আগরপাড়ায় প্রদীপ করের বাড়িতে যাচ্ছেন। তিনি সেখানে মৃতের পরিজনদের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানাবেন।