ভোটার তালিকায় ‘ভুয়ো নাম তোলার খেলা’! SIR শুরু হতেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শমীক ভট্টাচার্যের

আগামীকাল থেকে পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর প্রাক্কালে সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটার তালিকা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সাংবাদিকদের কাছে তিনি বলেন, “আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর — ভোটার তালিকা সংশোধনের এই গণতান্ত্রিক অভিযান। আসুন, সকলে অংশ নিন, নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখুন।”
‘ভুয়ো নাম তোলার খেলা’
শমীক ভট্টাচার্য দাবি করেন, “পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া… এটা আসলে গণতন্ত্রের মেরুদণ্ডকে সুরক্ষিত রাখার লড়াই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াটিকেই তাদের রাজনৈতিক স্বার্থে বিকৃত করছে।”
তিনি সরাসরি অভিযোগ করেন, রাজ্যের সীমান্তবর্তী জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর— জুড়ে চলছে “ভুয়ো নাম তোলার খেলা। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢোকানোর মরিয়া চেষ্টা চলছে।”
অন্যদিকে, তাঁর অভিযোগ, রাজ্যের শাসক দল প্রকৃত ভারতীয় নাগরিক, বিশেষত হিন্দু উদ্বাস্তু ও সাধারণ ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে, যাতে তৃণমূলের ভুয়ো ভোটব্যাঙ্ক টিকে থাকে।
বিজেপির দাবি: ডিজিটাল ও স্বচ্ছতা
বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজেপি স্পষ্ট অবস্থান নিয়েছে— যে নাগরিকের জন্ম এই মাটিতে, যার পরিচয় ভারতীয়, তার ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। আর কোনো অনুপ্রবেশকারী এই দেশের গণতন্ত্রে ঢুকে পড়তে পারবে না।”
বিজেপি বারবার প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে যে, এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল করা হোক। প্রতিটি আবেদন, বাদ ও আপত্তি যেন ডিজিটালি নথিভুক্ত ও যাচাইযোগ্য হয়।
শমীক ভট্টাচার্যের স্পষ্ট দাবি, “তৃণমূলের ভয় এখানেই— যেদিন ভোটার তালিকা সত্যিকারের ভারতীয় নাগরিকদের তালিকায় পরিণত হবে, সেদিন তাদের ভুয়ো ভিত্তির রাজনীতি ভেঙে পড়বে।” তিনি অঙ্গীকার করেন, বিজেপি প্রত্যেক ভারতীয় নাগরিকের ভোটাধিকার রক্ষা করতে ঘরে ঘরে পৌঁছাবে এবং বাংলাকে ভুয়ো ভোটের দুষ্টচক্র থেকে মুক্ত রাখবে।