পেশাদার জীবনে ঘুরে দাঁড়ানোর পর ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন! মদ্যপান সম্পূর্ণ ছেড়ে দিলেন ববি দেওল

‘আশ্রম’ এবং সম্প্রতি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর মতো সফল কাজের মাধ্যমে অভিনেতা ববি দেওল তাঁর পেশাদার জীবনে এক নতুন মোড় এনেছেন। তিন দশক ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পর এবার তিনি তাঁর ব্যক্তিগত জীবনেও এক বড় পরিবর্তনের কথা জানালেন। অভিনেতা জানিয়েছেন, তিনি সম্পূর্ণরূপে মদ্যপান ছেড়ে দিয়েছেন, যা তাঁর জীবনকে আরও ইতিবাচক দিকে বদলে দিয়েছে।

বম্বে টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে ববি দেওল বলেন, “হ্যাঁ, আমি করেছি এবং এটি আমাকে সত্যিই সাহায্য করেছে। প্রত্যেকেই জিনগতভাবে আলাদা, কেউ বুঝতে পারে না যে কোন ধরনের নেশা তাঁকে কীভাবে প্রভাবিত করতে পারে। কিছু লোকের এমন জিন থাকে যেখানে সেই জিনিসগুলিতে আসক্ত হয়ে পড়ে।”

এই পরিবর্তনকে একটি গভীর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে অভিনেতা আরও বলেন, “জীবনে আপনি এই ধরনের সুযোগ এমনি এমনি পাবেন না। সেই তাগিদ ভেতর থেকে আসতে হবে। আমি মনে করি আমি মদ্যপান ছেড়ে দেওয়ার পর থেকে একজন ভাল মানুষ হয়েছি এবং আমার মনে হয় আমার পরিচিত সকলের সঙ্গে আমার সম্পর্ক শতগুণ ভাল হয়ে গিয়েছে।”

আরিয়ান খানের প্রশংসায় পঞ্চমুখ

ববি দেওল সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তিনি তরুণ পরিচালক আরিয়ান খানেরও ভূয়সী প্রশংসা করেন।

ববি তাঁকে একজন প্রতিভাবান, মনোযোগী এবং সুশৃঙ্খল চলচ্চিত্র নির্মাতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “ও আমার নিজের ছেলের মতো, ও আমাকে বলেছে, ‘আমি এটা চাই, আমি চাই তুমি এটা এভাবে করো।’ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ হিট হয়েছে আরিয়ানের কারণেই। সে বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছে।”

ববি আরও বলেন, শাহরুখ খানের মতো সুপারস্টার বাবার ছায়া থেকে বেরিয়ে এসে পরিচালক হিসেবে নিজের কণ্ঠস্বর তৈরি করার সাহস দেখানোর জন্য আরিয়ান অভিনন্দন পাওয়ার যোগ্য। “আমি ওর জন্য খুব গর্বিত,” বলেন অভিনেতা।

‘অ্যানিম্যাল’ এবং ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর অসাধারণ সাফল্যের পর ববি এখন সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল পার্ক’-এর সিক্যুয়েলের জন্য প্রস্তুতি নিচ্ছেন।