অসম কেন ব্যতিক্রম? ১২ রাজ্যে SIR শুরু হলেও উত্তর-পূর্বের রাজ্যটিকে বাদ দেওয়ায় প্রশ্ন তুললেন অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে এই তালিকা থেকে অসমকে বাদ দেওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।

অসমকে বাদ দেওয়ার কারণ কী?

আসন্ন বছরই বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। এতদসত্ত্বেও অসমকে SIR প্রক্রিয়া থেকে বাদ রাখার কারণ ব্যাখ্যা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসি প্রায় শেষের পথে। এছাড়া উত্তর-পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধানও রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে। অসমের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হবে এবং পৃথক তারিখ ঘোষণা করা হবে।”

কমিশনের সিদ্ধান্ত নিয়ে অধীর চৌধুরীর প্রশ্ন

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর থেকেই বড়সড় প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন, “সব জায়গায় যদি নির্বাচন কমিশন এসআইআর করতে পারে, তাহলে অসম কেন ব্যতিক্রম? এনআরসি আর ভোট গণনা এক নয়। আজকে অসমে যদি বলা হয় এনআরসি-র জন্য দরকার নেই, তাহলে আমাদের দাবি সঠিক।”

এর আগে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারিও SIR থেকে অসমকে বাদ দেওয়ায় কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

যে ১২ রাজ্যে শুরু হচ্ছে SIR

এদিন কমিশনের তরফে জানানো হয়, দ্বিতীয় পর্বে এসআইআর হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরে। এই বিরাট কর্মযজ্ঞে বাংলা, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, পুদুচেরিসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ৫ লক্ষেরও বেশি বিএলও (বুথ লেভেল অফিসার) কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার।