১০০ দিনের কাজের টাকা দিতেই হবে! সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল কেন্দ্র, রাজ্যের বকেয়া মেটানোর নির্দেশ

বাংলায় দীর্ঘ প্রায় চার বছর ধরে বন্ধ থাকা ১০০ দিনের কাজ (MGNREGA) প্রকল্পে অর্থ বরাদ্দের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, সোমবার শীর্ষ আদালত তা খারিজ করে দিয়েছে। এর ফলে রাজ্যে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করার পাশাপাশি সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে।
বাংলায় এই প্রকল্পে প্রায় ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনে ‘বেলাগাম দুর্নীতি’র অভিযোগ তুলে টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ, দার্জিলিং-সহ একাধিক জেলায় সমীক্ষা চালিয়ে এই দুর্নীতির প্রমাণ মিলেছিল বলে আদালতে দাবি করে কেন্দ্রীয় সরকার।
এর আগে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁর নির্দেশে রাজ্যে এই প্রকল্প পুনরায় চালু করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।’ হাইকোর্ট সেই সময় এ-ও জানিয়েছিল যে, কেন্দ্র প্রয়োজনে দুর্নীতির তদন্ত চালিয়ে যেতে পারবে, কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার।
সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে কড়া মন্তব্য করে: “আপনারা মামলা তুলে নেবেন? না কি আমরা খারিজ করব?” এর পরই আদালত মামলাটি খারিজ করে দেয়। এর ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ১০০ দিনের কাজের টাকা মঞ্জুর এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়া এখন কেন্দ্রের জন্য বাধ্যতামূলক।
সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই রায়ের পর বলেন, “এর আগে হাইকোর্ট থাপ্পড় মেরেছিল। এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল। এর পরেও কেন্দ্রের বাংলা বিদ্বেষ বন্ধ হবে না। এরপরেও যদি টাকা না দেয়, তাহলে ওরা নিজেরাই নিজেদের বাংলা বিদ্বেষী বলে তকমা দেবে।”