২০২৭ বিশ্বকাপ খেলে অবসর নেবেন রোহিত! সিডনিতে সেঞ্চুরির পরই বড় ভবিষ্যদ্বাণী গুরুর, কোহলির প্রশংসায় পঞ্চমুখ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সিডনিতে রোহিত শর্মার (Rohit Sharma) অপরাজিত ১২১ রানের ইনিংস এবং বিরাট কোহলির (Virat Kohli) অপরাজিত ৭৪ রানের পারফরম্যান্স কেবল ভারতকে জয়ই এনে দেয়নি, বরং নির্বাচক ও সমালোচকদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। শিষ্যের এই ব্যাটিং তাণ্ডব দেখার পর রোহিতের ছেলেবেলার কোচ দীনেশ লাড ভবিষ্যদ্বাণী করলেন—রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন।

সিডনিতে ভারতকে ৯ উইকেটে দারুণ জয় এনে দেওয়ার পর থেকেই দুই সিনিয়র তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ম্যাচের শেষে রোহিত নিজেও বলেন, “জানি না আমরা আর আসব কিনা এখানে [অস্ট্রেলিয়া]। তবে এই কয়েক বছরে এখানে খেলে মজা পেয়েছি।” তাঁর এই মন্তব্যের পরই জল্পনা বাড়ে, এটিই হয়তো দুই মহাতারকার শেষ অস্ট্রেলিয়া সফর।

কোচ দীনেশ লাডের মন্তব্য: রোহিতের পারফরম্যান্সে মুগ্ধ কোচ দীনেশ লাড বলেন, “রোহিত আজ যেভাবে ব্যাট করল এবং ভারতের জয়ে যে অবদান রাখল, তা এককথায় অনবদ্য। ম্যাচ দেখে খুব আনন্দ লাগল। ২০২৭ বিশ্বকাপ খেলবে রোহিত। তার পরে অবসর নেবে।”

কোহলি-রোহিতের ক্লাস: প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে কোহলি যখন ফর্মে ফেরেন, তখন যেন তাঁর ‘টাচ’ ফিরে আসে। রোহিতও প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের চুপ করিয়ে দেন। এই দুই মহাতারকা প্রসঙ্গে দীনেশ লাড বলেন, “বিরাট যে কোনও মুহূর্তে যে কোনও জায়গায় সাফল্য পেতে পারে। শচীন অনেকদিন আগে এক অনুষ্ঠানে বলেছিল, রোহিত-বিরাট ওর রেকর্ড ভাঙতে পারে।”

দীর্ঘদিনের বন্ধু বিরাটকে আলিঙ্গন করে রোহিতের সেই হাসি যেন নীরব বার্তা ছিল—ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। এই সেঞ্চুরি শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল না, ছিল সেইসব মানুষের বিরুদ্ধে যাঁরা তাঁদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন, “ওদের এবার সরে যাবার সময় হয়েছে।”

রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় খেলা নিয়ে তাঁর অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, “আমি এখানে খেলতে পছন্দ করি। এখানে আসতে পছন্দ করি। ২০০৮ সালের দারুণ সব মুহূর্ত মনে রয়েছে… দিনের শেষে এখানে যে ক্রিকেট খেলেছি, সেটাই স্মৃতিতে নিয়ে ফেরত যাচ্ছি।”