মার্কিন যুক্তরাষ্ট্রে কুমড়োর নৌকা বাইচ! দৈত্যাকার কুমড়োর খোলে বসে দাঁড় টেনে রেস, বিজয়ী হলেন এক প্রতিযোগী

ক্যানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলোতে কুমড়ো শুধুমাত্র খাদ্য হিসেবেই ব্যবহৃত হয় না, বরং এটি হয়ে ওঠে এক বিশেষ প্রতিযোগিতার প্রধান আকর্ষণ। কার কুমড়ো সবচেয়ে বড় ও ভারী, তা নিয়ে প্রতিযোগিতা হলেও এবার কুমড়োকে দেওয়া হলো সম্পূর্ণ ভিন্ন রূপ—নৌকার রূপ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ২০২৫ ওয়েস্ট কোস্ট জায়ান্ট পামকিন রেগাত্তা রেস (West Coast Giant Pumpkin Regatta Race)। একটি বিশাল দিঘিতে আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল দৈত্যাকার কুমড়োর নৌকা।

কী এই কুমড়োর রেস? এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দানবীয় আকারের কুমড়ো থেকে ভেতরকার সমস্ত শাঁস বের করে নেওয়া হয়। ফলে সেখানে এমন একটি গর্ত তৈরি হয়, যাতে একজন মানুষ খুব সহজে বসে পড়তে পারেন। এরপর প্রতিযোগীরা সেই কুমড়োর খোলে চড়ে বসেন এবং দাঁড় টেনে দিঘির জলে ভাসতে ভাসতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

প্রতিযোগীরা শুধু কুমড়োতেই চড়েন না, তাঁরা আবার নানান আজব সাজে যোগ দেন এই রেসে। মূলত নিজেদের বাগানে ফলানো কুমড়োকেই নৌকার রূপ দিয়ে তাঁরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

এক বন্ধুর কুমড়ো জিতে দিল রেস: এই বছরের বিজয়ী প্রতিযোগীর নিজস্ব বাগানের কুমড়োটি বড় হওয়ার সময় হঠাৎ ফাঙ্গাসের কবলে পড়ে নষ্ট হয়ে যায়। তাই তিনি তাঁর এক বন্ধুর কাছ থেকে বিশাল একটি কুমড়ো চেয়ে নেন এবং সেটিকে নৌকা বানিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় লাভ করেন।

তবে এই প্রতিযোগিতায় জিত-হারটা মূল বিষয় নয়। এই অদ্ভুত এবং মজাদার কুমড়োর নৌকা বাইচ দেখতেই প্রতি বছর অরিগনে ভিড় জমান বহু মানুষ।