ডেঙ্গির ছোবলে ‘দুই শিকার’! একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে রাজপুর-সোনারপুরে তীব্র আতঙ্ক, এলাকা ছাড়ছেন বাসিন্দারা

ডেঙ্গির মারণ থাবায় একই পরিবারের দুই সদস্যের পরপর মৃত্যুতে চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে। এই ভয়াবহ পরিস্থিতির জেরে বহু বাসিন্দা ইতিমধ্যেই এলাকা ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন।
জানা গেছে, রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শনিবার এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে, চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সরদার (৪৫) ডেঙ্গির কারণেই মারা যান। একই বাড়িতে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দুই সদস্যের মৃত্যু হওয়ায় গোটা কলোনি জুড়েই নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ: পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। রবিবার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলাকায় এলে তাঁকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয়দের মূল অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া এবং পুরসভার চরম গাফিলতির ফলেই ডেঙ্গি মশা অবাধে বংশ বিস্তার করছে এবং এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের দাবি, পুর পরিষেবার খামতির জেরেই এলাকায় ডেঙ্গি মহামারী আকার নিয়েছে।
কাউন্সিলরের পালটা সাফাই: যদিও বিক্ষোভের মুখে দাঁড়িয়ে কাউন্সিলর দেবব্রত মণ্ডল গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “পুরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। বরং ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্ক থেকে জল উপচে পড়ায় সমস্যা হচ্ছে। মূলত মানুষের অসচেতনতার ফলেই এমন ঘটনা ঘটছে।”
কাউন্সিলর মানুষের দিকে অভিযোগের আঙুল তুললেও, স্থানীয়রা ডেঙ্গি মশার দাপটের জন্য পুর পরিষেবার খামতিকেই দায়ী করছেন। দুই সদস্যের মৃত্যুর পর এখন গোটা ক্ষুদিরাম কলোনি ডেঙ্গি-আতঙ্কে ভুগছে।