উত্তরপ্রদেশে ঘুষ কাণ্ডে কড়া পদক্ষেপ! ভিডিও ভাইরাল হতেই DGP-র নির্দেশে ১১ পুলিশকর্মী সাসপেন্ড

উত্তরপ্রদেশ পুলিশে ঘুষ নেওয়ার অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজি)। পুলিশ মহানির্দেশক (DGP) রাজীব কৃষ্ণ বুধবার বিভিন্ন জেলা থেকে মোট ১১ জন পুলিশকর্মীকে তাৎক্ষণিক সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আসার পর ডিজেপি দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছিল যে কিছু পুলিশকর্মী বিভিন্ন জেলায় গাড়িচালকদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন।
প্রাথমিক তদন্তের পর চিত্রকূট, বান্দা এবং কৌশাম্বী জেলার ১১ জন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাসপেন্ড হওয়া পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন একজন ইন্সপেক্টর, একজন মহিলা সাব-ইন্সপেক্টর, চারজন দারোগা (সাব-ইন্সপেক্টর) এবং পাঁচজন কনস্টেবল। DGP রাজীব কৃষ্ণের এই দ্রুত পদক্ষেপ পুলিশের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়ে তাঁর কঠোর অবস্থানকে তুলে ধরে।