“ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত”-ফের নতুন দাবি ট্রাম্পের

ভারত ও রাশিয়ার মধ্যে তেলের লেনদেন নিয়ে এবার একেবারে নতুন এবং বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দেবে ভারত। তবে নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।
দীপাবলির শুভেচ্ছা জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মোদীও ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু সেই ফোনালাপে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কোনওরকম আলোচনা হয়েছে বলে নয়াদিল্লি সরকারিভাবে জানায়নি। তা সত্ত্বেও ট্রাম্প দাবি করে চলেছেন, স্বয়ং মোদীই নাকি তাঁকে এই ‘আশ্বাস’ দিয়েছেন।
নিষেধাজ্ঞা জারি ২ রুশ সংস্থায়: প্রধানমন্ত্রী মোদীকে ফোন করার পরের দিনই, হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প রাশিয়ার দুটি বড় তেল সংস্থা— রসনেফট (Rosneft) এবং লুকঅয়েল (Lukoil)-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুদ্ধ থামাতে রাশিয়ার গড়িমসি’র কারণেই এই নিষেধাজ্ঞা চাপানো হলো।
এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প তাঁর বিস্ফোরক দাবিটি করেন। তিনি বলেন, “আপনারা সবাই জানেন, ভারত আমায় আশ্বাস দিয়েছে যে রাশিয়া থেকে তারা আর তেল কিনবে না। তবে এটা একটা প্রক্রিয়া। হঠাৎ বন্ধ করা যায় না। কিন্তু বছরের শেষ নাগাদ তারা রাশিয়ার সঙ্গে তেলের লেনদেন শূন্যে নামিয়ে আনবে।”
‘৪০% তেল আসে রাশিয়া থেকে’ – ট্রাম্পের দাবি: মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ রাশিয়া থেকে আসে। তাই তাড়াহুড়ো করলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। ট্রাম্প সুকৌশলে ভারতের প্রশংসা করে বলেন, “ভারত দারুণ সহযোগিতা করছে। গতকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। তিনিও চমৎকার কাজ করছেন।”
যদিও এর দু’দিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, “ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে থাকে, তাহলে আরও কড়া পদক্ষেপ করা হবে। তবে আমার মনে হয় না, তারা এমন কিছু করবে। মোদীজির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন বলেছেন।”
নয়াদিল্লির অবস্থান স্পষ্ট: প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই টাকাতেই রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে নয়াদিল্লি এই বিষয়ে তাদের অবস্থান বারবার স্পষ্ট করেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশবাসীর স্বার্থরক্ষাই তাদের অগ্রাধিকার, তাই যেখান থেকে সুবিধা হবে, সেখান থেকেই তেল কিনবে ভারত। ফলে ট্রাম্পের এই নতুন দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তীব্র হচ্ছে।